এবার চীনের প্রতিরক্ষা ব্যয় বাড়ছে ১২ ভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীন প্রতিরক্ষা খাতে চলতি বছরের বাজেটে ১২ দশমিক ২ শতাংশ বরাদ্দ বৃদ্ধি করবে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল বুধবার এ খবর জানিয়েছে।
এশিয়ার উদীয়মান পরাশক্তি চীনের এ উদ্যোগকে সতর্কবার্তা হিসেবে বিবেচনা করছে প্রতিবেশী দেশগুলো।
কমিউনিস্টশাসিত দেশ চীনের সঙ্গে সীমানা নিয়ে জাপান ও আশপাশের কয়েকটি দেশের বিরোধ রয়েছে। এ অবস্থায় সামরিক উচ্চাভিলাষ পূরণের লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বেইজিং। তাদের সেনাবাহিনী পিপলস লিবারেশন আর্মির জন্য রাষ্ট্রীয় ব্যয় প্রায় প্রতিবছরই বৃদ্ধি করা হচ্ছে। দেশটির আইনসভা ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) বার্ষিক অধিবেশন গতকাল শুরু হয়েছে। এতে উপস্থাপনের জন্য তৈরি বাজেট প্রতিবেদনে বলা হয়, জাতীয় প্রতিরক্ষার ব্যয় হবে ১৩ হাজার ২০০ কোটি মার্কিন ডলার, যা আগের চেয়ে ১২ দশমিক ২ শতাংশ বেশি।
এনপিসির মুখপাত্র ফু ইং অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের বলেন, ইতিহাস ও অভিজ্ঞতার ভিত্তিতে তাঁরা বিশ্বাস করেন, কেবল শক্তির মাধ্যমেই শান্তি বজায় রাখা যায়।
বেইজিং ২০১৩ সালে সামরিক খাতে ১০ দশমিক ৭ শতাংশ ব্যয় বৃদ্ধি করেছিল। এর আগের বছর ব্যয় বৃদ্ধির হার ছিল ১১ দশমিক ২ এবং ২০১১ সালে ছিল ১২ দশমিক ৭ শতাংশ। চীনের এ ধরনের উদ্যোগে যুক্তরাষ্ট্র ও জাপানে উদ্বেগ বেড়েছে। পূর্ব চীন সাগরে দিওয়াউ বা সেনকাকু দ্বীপ এলাকা নিয়ে জাপানের সঙ্গে চীনের দীর্ঘ বিরোধ রয়েছে। ওই অঞ্চলে বিমান প্রতিরক্ষা অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে চীন। ওই অঞ্চল দিয়ে কোনো উড়োজাহাজ যেতে হলে আগে চীনের অনুমোদন নিতে হবে।
এ নিয়ে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে চীনের সম্পর্কে উত্তেজনা দেখা দেয়। চীনের বিমান প্রতিরক্ষা অঞ্চল প্রতিষ্ঠার ঘোষণায় যুক্তরাষ্ট্রও উদ্বেগ প্রকাশ করে।
জাপানের মন্ত্রিসভা সম্প্রতি তাদের সামরিক ব্যয় ২০১৪ থেকে ২০১৯ সালের মধ্যে ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে। তাদের ওই উদ্যোগের সমালোচনা করে বেইজিং গত ডিসেম্বরে বলেছে, এতে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে অবশ্যই উদ্বেগ বৃদ্ধি পাবে।
বিশ্লেষকেরা মনে করেন, প্রকাশিত তথ্যের তুলনায় চীনের প্রকৃত সামরিক ব্যয় আরও অনেক বেশি। যুক্তরাষ্ট্রের মনোভাবও একই ধরনের।
চীনের জাতীয় নিরাপত্তা নীতি গবেষণা পরিষদের মহাসচিব লি কিংগং আগে বলেছিলেন, বেইজিং নিজেদের নৌ, বিমান ও পারমাণবিক দুর্গগুলোতে উচ্চপ্রযুক্তির উন্নয়ন ঘটাবে। সবচেয়ে বেশি গুরুত্ব পাবে চীনের নৌবাহিনী। এতে আরও বেশি যুদ্ধবিমানবাহী জাহাজ যুক্ত হবে এবং নৌবহরগুলোর শক্তি ও সামর্থ্য বাড়বে। এএফপি।