এবার পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারিকে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করা হয়েছে। গত শনিবার যুক্তরাজ্যের বার্মিংহামে প্রবাসী পাকিস্তানিদের একটি জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এক বিক্ষোভকারী তাঁর দিকে জুতা ছুড়ে মারেন। স্মরণকালের ভয়াবহ বন্যায় বিধ্বস্ত পাকিস্তান। দেশের এই দুর্যোগময় মুহূর্তে জারদারি বিদেশে অবস্থান করায় ক্ষুব্ধ প্রবাসীরা বক্তৃতার সময় তাঁকে বারবার থামিয়ে দিচ্ছিলেন। একপর্যায়ে উত্তেজিত এক শ্রোতা তাঁর দুই পায়ের জুতা ছুড়ে মারেন প্রেসিডেন্টের দিকে। জুতা গায়ে না লেগে একটু দূরে গিয়ে পড়ে।গতকাল রোববার দ্য টেলিগ্রাফ পত্রিকার খবরে বলা হয়েছে, দেশে ভয়াবহ বন্যা সত্ত্বেও বিদেশ সফর অব্যাহত রাখায় জারদারিকে নিয়ে এমনিতেই সমালোচনার ঝড় উঠেছে। এতে লোকজনও বিক্ষুব্ধ হয়ে আছে। গত শনিবার বিকেলে বার্মিংহামের ওই রাজনৈতিক জনসভায় তাঁর বক্তৃতার মাঝপর্যায়ে এক বয়স্ক লোক তাঁর দুই পায়ের জুতা ছুড়ে মারেন প্রেসিডেন্টের দিকে। পরে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর লোকজন তাঁকে সভাস্থল থেকে গ্রেপ্তার করে।দেশের এই দুর্যোগের মুহূর্তে আপনার দেশেই থাকা প্রয়োজন ছিল—টেলিগ্রাফ-এর এই দাবি নাকচ করে দিয়ে জারদারি বলেন, তাঁর এই সফরের ফলে তিনি আরও বেশি আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করতে পেরেছেন।এর আগে লন্ডনে তাঁর ছেলে বিলাওয়াল ভুট্টো পাকিস্তানের দুর্গত ব্যক্তিদের সহযোগিতা করতে আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানান। অনেকে ভেবেছিলেন, লন্ডনের জনসভায় বিলাওয়াল যোগ দেবেন। কিন্তু সেখানে না গিয়ে পাকিস্তান হাইকমিশনের সামনে গিয়ে বন্যাদুর্গতদের জন্য দেওয়া ত্রাণসামগ্রী গ্রহণ করেন। তিনি বলেন, ‘আমার বাবা পাকিস্তানের জনগণের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন।’ ইংলিশ শহর বার্মিংহামের কনভেনশন সেন্টারে লোকজন এসেছিলেন প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও তাঁর পিপলস পার্টির নেতাদের বক্তৃতা শুনতে। জারদারি তাঁর সমর্থকদের উদ্দেশে ব্রিটেন সফরের সাফল্যের কথা বলছিলেন। এ সময় কিছু বিক্ষোভকারী ‘যুক্তরাষ্ট্র, তুমি পাকিস্তান ও আফগানিস্তান থেকে বিদায় হও’ লেখা প্লাকার্ড প্রদর্শন করেন। কেউ কেউ বন্যার মতো জাতীয় দুর্যোগের মুহূর্তে জারদারি বিদেশ সফরকে কেন বেছে নিলেন, এ ধরনের প্রশ্নসংবলিত ব্যানার বহন করছিলেন। গত বছরের ফেব্রুয়ারি মাসে ব্রিটেনে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় সফরকালে জার্মানির এক ছাত্র চীনের প্রেসিডেন্ট ওয়েন জিয়াবাওয়ের ওপর জুতা নিক্ষেপ করেছিলেন। তিনি তখন অল্পের জন্য রক্ষা পান। পরে ওই ছাত্রকে গ্রেপ্তার করা হয়। এর আগে ২০০৮ সালের ডিসেম্বর মাসে বাগদাদ সফরকালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশকে লক্ষ্য করে জুতা ছুড়ে মেরে বিখ্যাত হয়ে ওঠেন ইরাকের টেলিভিশন সাংবাদিক মুনতাজার আল-জাইদি। টাইমস অব ইন্ডিয়া, ডন।