এবার জুতা নিক্ষেপ বুশের আরেক মিত্র জন হাওয়ার্ডকে
অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও ইরাক যুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের অন্যতম মিত্র জন হাওয়ার্ডের দিকে একটি টেলিভিশন শোতে এক মানবাধিকারকর্মী জুতা ছুড়ে মেরেছেন। গত মঙ্গলবার এবিসি টেলিভিশনে ওই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয়। পিটার গ্রে (৩০) নামের ওই মানবাধিকারকর্মী বলেছেন, ইরাক যুদ্ধের শিকার হওয়া নিরীহ মানুষদের পক্ষ থেকে একটি মোক্ষম জবাব হিসেবেই তিনি এ কাজ করেছেন।সিডনি স্টুডিও থেকে সম্প্রচারিত কিউ অ্যান্ড এ (প্রশ্ন ও উত্তর) অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তির জবাব দিচ্ছিলেন জন হাওয়ার্ড। পিটার গ্রে তাঁকে ইরাক যুদ্ধ সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি প্রশ্নের জবাব দেন। এরপর আকস্মিকভাবে পিটার পায়ের জুতা খুলে হাওয়ার্ডের দিকে ছুড়ে মারেন। তবে জুতা হাওয়ার্ডের গায়ে লাগেনি। এরপর পিটারকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। কিছুক্ষণ আটক রাখার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।ইরাক অভিযানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশের অন্যতম সহযোগী ছিলেন জন হাওয়ার্ড। তাঁর নির্দেশেই ইরাকে অস্ট্রেলিয়ার সেনাবাহিনী মার্কিন নেতৃত্বাধীন জোটে যোগ দেয়।ছাড়া পাওয়ার পর পিটার সাংবাদিকদের বলেন, তিনি জন হাওয়ার্ডকে জুতা মারবেন, এমন পরিকল্পনা ছিল না। অনুষ্ঠানে তাঁর প্রশ্নের জবাবে হাওয়ার্ড যে উত্তর দিয়েছেন, তা শুনে তিনি মেজাজ ধরে রাখতে পারেননি। তাই তিনি পর পর দুই পাটি জুতা ছুড়ে মারেন। এএফপি।