এবার তামিলনাড়ু ও দিল্লিতে শিশুরা অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বিহার রাজ্যে ২৩ শিশু মৃত্যুর পর গতকাল দেশটির তামিলনাড়ু রাজ্যের একটি বিদ্যালয়ের ১৭০ জন শিক্ষার্থী টিফিন খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। এদিকে, রাজধানী নয়াদিল্লিতে গতকাল সরকারের পক্ষ থেকে বিনা মূল্যে আয়রন ও ফলিক অ্যাসিডের ট্যাবলেট খাওয়ানোর পর ২০০ শিশু-কিশোর অসুস্থ হয়ে পড়ে। ‘টাইমস অব ইন্ডিয়া’ ও এনডিটিভির খবরে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়, তামিলনাড়ু রাজ্যের নেভেলি জেলার একটি সরকারি স্কুলে গতকাল টিফিন খাওয়ার পর ১৭০ ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। খাওয়ার পর থেকেই তাদের বমিভাব হয় ও মাথা ঝিম ঝিম করতে শুরু করে। তাদের পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হলে বিকেলের মধ্যে অধিকাংশকেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ছাত্রীদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। অসুস্থ হয়ে পড়া এসব ছাত্রীর অধিকাংশের বয়স নয় থেকে ১৬ বছরের মধ্যে।
স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, টিফিনের সময়ে ছাত্রীদের যে ডিম খেতে দেওয়া হয়েছিল, সেগুলো নষ্ট ছিল। খাবারের নমুনা চেন্নাইয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
এদিকে, নয়াদিল্লিতে সরকারের পক্ষ থেকে গতকাল রক্তশূন্যতা (অ্যানিমিয়া) প্রতিরোধে শিশু-কিশোরদের বিনা মূল্যে আয়রন ও ফলিক অ্যাসিডের ট্যাবলেট খাওয়ানো হয়। এই ওষুধ খাওয়ার পর ২০০ শিশু-কিশোরের অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। ওষুধের প্রতিক্রিয়া হিসেবে তাদের পেট ব্যথা, বমিভাব ও মাথা ঝিম ঝিম করে। অসুস্থ হয়ে পড়া ২০০ শিশু-কিশোরের মধ্যে ২১ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। নয়াদিল্লিতে অসুস্থ হয়ে পড়া এদের বয়স নয় থেকে ১৭ বছরের মধ্যে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওষুধগুলোর মেয়াদ ২০১৫ সাল পর্যন্ত। এগুলো পরীক্ষা করার পরই শিশু-কিশোরদের খাওয়ানো হয়েছে।
এ ঘটনায় একটি মামলা করেছে পুলিশ।
এর আগে গত বুধবার বিহার রাজ্যের একটি স্কুলে টিফিন খেয়ে ২৩ শিশু মারা যায়। মৃত্যুবরণ করা শিশুদের ময়নাতদন্তে দেখা গেছে, ওই খাবারে বা রান্নার তেলে কীটনাশক ছিল। এতগুলো শিশুর মৃত্যুর ঘটনার পর থেকে পূর্ব ভারতের দারিদ্র্যপীড়িত অঞ্চলের বিদ্যালয়গুলোর হাজার হাজার শিশু আর বিনা মূল্যের টিফিন খেতে চাইছে না।
বিহারের একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, সবখানে শিশুরা তাদের বিদ্যালয় থেকে দেওয়া টিফিন ডাস্টবিনে ফেলে দিচ্ছে।