এবার থাই প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রক্ত ঢেলে দিল বিরোধীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিক্ষোভকারীরা গতকাল বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে রক্ত ঢেলে দিয়েছে। এর আগের দিন তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে রক্ত ঢেলে দেয়। প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভার পদত্যাগ ও নির্বাচনের দাবিতে কয়েক দিন ধরেই বিক্ষোভ করছে সরকার-বিরোধীরা। তারা পশ্চিমা দেশগুলোর দূতাবাসের সামনেও বিক্ষোভ করে। তবে পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় আছেন প্রধানমন্ত্রী ভেজ্জাজিভা।ব্যাংককে গত শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভের অংশ হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়, বাসভবন ও সরকারি বিভিন্ন কার্যালয়ের সামনে রক্ত ঢেলে দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। এ লক্ষ্যে গত মঙ্গলবার নিজেদের মধ্য থেকে রক্ত সংগ্রহ করে বিক্ষোভকারীরা। ওই দিনই প্রধানমন্ত্রীর কার্যালয় ও সরকারের বিভিন্ন কার্যালয়ের সামনে রক্ত ঢেলে দেওয়া হয়।সরকারের পক্ষ থেকে এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে মন্ত্রিসভার সদস্য সাতিত উঙ্গোংতেয়ি গতকাল সাংবাদিকদের বলেন, বিরোধীদের এ কর্মসূচি ‘অসভ্যতা’। রক্ত সহিংসতার প্রতীক। প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবনের সামনে রক্ত ঢেলে দেওয়া দুঃখজনক। প্রধানমন্ত্রী অভিজিৎ ভেজ্জাজিভা এ ঘটনায় বাক্রুদ্ধ হয়ে পড়েছেন। মন্ত্রী সাতিত জানান, প্রধানমন্ত্রী গতকাল থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে গেছেন। প্রধানমন্ত্রী অভিজিৎকে হত্যার চেষ্টা চলছে বলে সতর্ক করে দিয়েছেন গোয়েন্দারা। গতকাল ব্যাংককে ব্রিটিশ দূতাবাসের সামনে বিক্ষোভের সময় কর্মকর্তাদের কাছে একটি চিঠি দেয় বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের নেতা জতুপর্ন প্রোম্পান বলেন, ‘আমাদের বিক্ষোভ সম্পর্কে ব্রিটিশ গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রকাশ করা হচ্ছে। এর প্রতিবাদে আমরা একটি চিঠি দিয়েছি।’ দূতাবাসের একজন কর্মকর্তা চিঠি পাওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রে দূতাবাসের সামনেও শান্তিপূর্ণভাবে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ওই দূতাবাসেও একটি চিঠি দেয় বিক্ষোভকারীরা। সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা প্রতি রাতেই তাঁর সমর্থক বিক্ষোভকারীদের সঙ্গে ভিডিও লিংকের মাধ্যমে কথা বলেন। মার্কিন গোয়েন্দারা ভিডিও লিংক নষ্ট করে দেন বলে থাইল্যান্ডের গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর প্রতিবাদে বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসে চিঠি দেয়। থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা ২০০৬ সালে এক সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। সম্প্রতি থাকসিনের ১৪০ কোটি ডলারের সম্পদ বাজেয়াপ্ত ঘোষণা করেন দেশটির সর্বোচ্চ আদালত। এতে ক্ষুব্ধ হয়ে তাঁর সমর্থকেরা সরকারের পদত্যাগ ও নির্বাচনের দাবিতে ব্যাংককে আন্দোলন শুরু করে। বিক্ষোভ মোকাবিলায় ব্যাংককে ৫০ হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এএফপি, রয়টার্স।