
আজ মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে কলকাতায় ৩৮তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করা হয়েছে। কলকাতার মিলনমেলা ময়দানে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন পেরুর সাহিত্যিক রডলফ ইনস্ট্রোজা ক্লসেন।
এতে বিশেষ অতিথি ছিলেন পেরুর উপসংস্কৃতিমন্ত্রী ও প্রাবন্ধিক প্যাট্রেশিয়া বালগুয়েনা প্যালাসিওস, কলকাতার সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায় এবং কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার আবিদা ইসলাম।
এবারের বইমেলায় যোগ দিয়েছে বাংলাদেশের ৩১টি প্রকাশনা সংস্থা। এর মধ্যে সাতটি সরকারি। সাড়ে তিন হাজার বর্গফুট জায়গাজুড়ে বাংলাদেশের প্যাভিলিয়ন তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের আদলে। আগামী ৫ ফেব্রুয়ারি বইমেলায় পালিত হবে বাংলাদেশ দিবস।
বইমেলায় সদ্যপ্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের সম্মানে তৈরি করা হয়েছে একটি বিশেষ প্যাভিলিয়ন। এবারের বইমেলায় সব মিলিয়ে স্টল রয়েছে ৮০০টি।
এবারের বইমেলার ফোকাল থিম কান্ট্রি পেরু। গত বছর ছিল বাংলাদেশ। গতবারের মতো এবারও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মেলা শেষ হবে ৯ ফেব্রুয়ারি। মেলায় এবার বাংলাদেশসহ ২৯টি দেশ অংশ নিচ্ছে। বইমেলার আয়োজক কলকাতার পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড।