ভারতের উত্তর প্রদেশ রাজ্যে এবার থানায় এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ গত সোমবার রাতে হামিরপুর জেলায় ঘটেছে এ ঘটনা৷ খবর টাইমস অব ইন্ডিয়া ও আইএনএসের৷
গণধর্ষণের শিকার নারীর স্বামীকে কয়েকটি অপরাধের অভিযোগে আটক করে ২ জুন সুমারপুর থানা পুলিশ কারাগারে পাঠায়৷ জামিনে ছাড়া পেলেও সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই ৯ জুন ফের আটক করা হয় তাঁকে৷ ওই দিন রাতেই তাঁকে ছাড়াতে স্ত্রী থানায় যান৷ এ সময় কথা বলার জন্য তাঁকে একটি কক্ষে নিয়ে একজন উপপরিদর্শক (এসআই) ও একজন কনস্টেবল ধর্ষণ করেন৷ বুধবার রাতে এ ঘটনায় অভিযোগ দাখিল করা হয়৷
জেলার পুলিশ সুপার বিরেন্দ্র কুমার শেখর বলেন, ৯ জুন রাতে ওই ঘটনা ঘটে৷ অভিযোগ ওঠা পুলিশ সদস্যদের বিরুদ্ধে প্রয়োজনমাফিক মামলা নথিভুক্ত করা হবে৷
গাছে কিশোরীর লাশ: রাজ্যের মোরাদাবাদ জেলার ঠাকুরদরা থানার একটি গ্রামে গতকাল গাছে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর (১৬) লাশ উদ্ধার করা হয়৷ আগের দিন রাতে বাসা থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়৷ এ নিয়ে গত কয়েক দিনের মধ্যে গাছে ঝুলন্ত চার নারীর লাশ উদ্ধার করা হলো৷