এবার নতুন গোঁ ক্যামেরনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিড ক্যামেরন
ডেভিড ক্যামেরন

নির্বাচনপূর্ব টিভি বিতর্কে অংশ নিতে চাইছেনই না ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। রাজনৈতিক নেতাদের এ বিতর্কে অংশগ্রহণ না করতে আবার গোঁ ধরেছেন তিনি। ক্যামেরন এবার বলছেন, টিভি চ্যানেলগুলোর দ্বিতীয় প্রস্তাবে উত্তর আয়ারল্যান্ডের কোনো দলকে রাখা হয়নি। কিন্তু তিনি মনে করেন, দেশের একটি অংশকে বাদ রেখে এ বিতর্ক অনুষ্ঠান সঠিক হবে না।
আগামী ৭ মে অনুষ্ঠেয় যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নেতাদের নিয়ে সরাসরি টিভি বিতর্ক আয়োজনের চেষ্টা করে যাচ্ছে কয়েকটি টিভি চ্যানেল। প্রথমে তারা দেশের প্রধান চারটি রাজনৈতিক দলের প্রধানদের বিতর্কে অংশ নেওয়ার প্রস্তাব দেয়। এর মধ্যে ইউকে ইনডিপেনডেন্ট পার্টিকে (ইউকিপ) রাখা হলেও সমপর্যায়ের দল গ্রিন পার্টিকে রাখা হয়নি—এ অজুহাত তুলে ক্যামেরন অংশ নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর গত সপ্তাহে আরেকটি প্রস্তাব দেওয়া হয় টিভি চ্যানেলগুলোর পক্ষ থেকে। দ্বিতীয় ওই প্রস্তাবে চ্যানেলগুলো গ্রিন পার্টিকে যুক্ত করার পাশাপাশি স্কটল্যান্ডের জাতীয়তাবাদী দল স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) এবং ওয়েলসের জাতীয়তাবাদী দল প্ল্যাড কিমরুকেও অন্তর্ভুক্ত করে।
চ্যানেলগুলোর নতুন প্রস্তাবেরও খুঁত ধরেছেন কনজারভেটিভ দলের নেতা ক্যামেরন। এবার তিনি বলছেন, টিভি চ্যানেলগুলো স্কটল্যান্ড এবং ওয়েলসের দলকেও অন্তর্ভুক্ত করল, সেটা ঠিক আছে। কিন্তু উত্তর আয়ারল্যান্ডের কোনো দলের প্রতিনিধিত্ব নেই কেন? যুক্তরাজ্যের কোনো একটি অংশকে বাদ দিয়ে বিতর্ক আয়োজন করা সঠিক হবে না বলে তিনি মনে করেন।
প্রধানমন্ত্রী ক্যামেরন আরও বলছেন, নির্বাচনের মূল প্রচারণা শুরুর আগেই এই টিভি বিতর্ক শেষ করতে হবে। কেননা ২০১০ সালের নির্বাচনের আগে আগে অনুষ্ঠিত বিতর্ক মানুষ বেশ উপভোগ করলেও তা নির্বাচনের বাকি সব প্রচারণাকে মাটি করে দিয়েছিল।

ক্যামেরন ছাড়া বাকি দলগুলোর নেতারা যেকোনো বিন্যাসে বিতর্কে অংশ নিতে রাজি বলে জানিয়েছেন। বিরোধী দল লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ড বলেছেন, ক্যামেরনের চেয়ার খালি রেখে বিতর্ক অনুষ্ঠিত হলেও তাঁর কোনো আপত্তি থাকবে না।
জনমতে হাড্ডাহাড্ডি অবস্থান: আগামী নির্বাচনের সময় অর্থনীতির চেয়ে জাতীয় সেবা ব্যবস্থার (এনএইচএস) দিকেই ভোটারদের নজর থাকবে বেশি। গতকাল ব্রিটিশ পত্রিকা ইনডিপেন্ডেন্ট-এ প্রকাশিত এক জরিপের ফলে এ ইঙ্গিত পাওয়া গেছে। ভোটারদের এ মনোভাব অনেকের কাছেই অপ্রত্যাশিত। ভোটারদের এ প্রবণতা বিরোধী লেবার পার্টির জন্য সহায়ক হবে। তবে ২০১১ সালের সেপ্টেম্বরের পর থেকে এবারই প্রথম এই ‘কমরেস’ জরিপে কনজারভেটিভ দল (৩১%) লেবারকে (৩০%) পেছনে ফেলল। ক্ষমতাসীন কনজারভেটিভ দল এবার নির্বাচনী প্রচারণায় অর্থনীতির ওপর জোর দিচ্ছে। অন্যদিকে লেবারদের নজর স্বাস্থ্যসেবার দিকে।