এবার নামিয়ে দিল যুগলকে
গত সপ্তাহেই এক প্রবীণ যাত্রীকে টেনেহিঁচড়ে উড়োজাহাজ থেকে নামিয়ে দিয়ে সমালোচনার মুখে পড়েছিল মার্কিন প্রতিষ্ঠান ইউনাইটেড এয়ারলাইনস। ওই ঘটনায় দুঃখ প্রকাশ করে এমন ঘটনা আর ঘটবে না বলে যাত্রীদের আশ্বস্ত করলেও সেই প্রতিশ্রুতি রাখতে পারেনি তারা। এবার এক যুগলকে উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ উঠল তাদের বিরুদ্ধে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, গত শনিবার কোস্টারিকা যাওয়ার উদ্দেশে যুক্তরাষ্ট্রের টেক্সাসের হিউস্টন থেকে ইউনাইটেড এয়ারলাইনসের উড়োজাহাজে উঠেছিলেন মাইকেল হল ও তাঁর হবু স্ত্রী ম্যাক্সওয়েল। বিয়ে করতেই কোস্টারিকা যাচ্ছিলেন তাঁরা। তবে যাত্রাপথে দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি হন এই যুগল। ভুল আসনে বসার অভিযোগে দুজনকেই উড়োজাহাজ থেকে নামিয়ে দেওয়া হয়।
এর আগে ৯ এপ্রিল এই এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে টেনেহিঁচড়ে ভিয়েতনামি বংশোদ্ভূত মার্কিন চিকিৎসক ডেভিড ডাওকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ওই উড়োজাহাজের অন্য যাত্রীদের ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি জনসম্মুখে আসে। প্রথমে এ বিষয়ে কোনো পদক্ষেপ না নিলেও পরে সমালোচনার মুখে ক্ষমা চান সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার মুনোজ।
এবারের ঘটনায় ইউনাইটেড কর্তৃপক্ষ বলছে, কম দামি টিকিট কিনে বারবার দামি আসনে বসার চেষ্টা করছিলেন ওই যুগল। স্থানীয় এক টেলিভিশন চ্যানেলে কর্তৃপক্ষ জানিয়েছেন, বিমানের নিয়মনীতি মানছিলেন না তাঁরা।
তবে ওই চ্যানেলেই এ ঘটনার অন্য বিবরণ দিয়েছেন মাইকেল ও ম্যাক্সওয়েল। তাঁরা বলেন, ঘটনার দিন প্লেনে উঠে তাঁরা দেখেন তাদের আসনে এক যাত্রী হাত-পা ছড়িয়ে ঘুমোচ্ছেন। আশপাশে অনেক আসনই ফাঁকা পড়েছিল। কিন্তু সেই আসনে তাঁদের বসতে দিচ্ছিলেন না ক্রুরা। তাঁদের নিজেদের আসনে ফিরে যেতে বলা হচ্ছিল। তবে আসন ফাঁকা করেও দিচ্ছিলেন না তিনি। এমনকি অন্য কোনো আসনে বসার ব্যবস্থাও করে দেননি। এমন অবস্থায় মাইকেল ও ম্যাক্সওয়েল আরও সামনের আসনের দিকে এগিয়ে যান।
মাইকেলের দাবি, ‘আমরা বিজনেস ক্লাস আসনের দিকে এগোচ্ছিলাম না! ইকোনমি ক্লাসেরই কয়েকটি আসন খালি ছিল। সেদিকে যাচ্ছিলাম।’
এরপরই পুলিশ কর্মকর্তাদের ডেকে আনা হয়। তাঁরা তাঁদের বিমান থেকে নেমে যেতে বলেন। মাইকেল জানান, পুলিশের সঙ্গে সহযোগিতা করা সত্ত্বেও তাঁদের নামিয়ে দেওয়া হয়।
প্রথমে অস্বীকার করলেও এ ঘটনার পরের দিনই ওই যুগলের জন্য বিমানের টিকিট কেটে দেয় ইউনাইটেড এয়ারলাইনস। সঙ্গে হোটেল ভাড়াতেও বড়সড় ছাড়ের ব্যবস্থা করা হয়।