এবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর হুমকি উ. কোরিয়ার
এবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। গত সপ্তাহে দেশটির রকেটের মাধ্যমে স্যাটেলাইট (কৃত্রিম উপগ্রহ) উৎক্ষেপণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র খাদ্যসহায়তা বন্ধের ঘোষণা দেয়। এর জবাবে গতকাল বুধবার উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর হুমকি দেয়।উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিবৃতিতে জানায়, তাদের সবচেয়ে প্রয়োজনীয় খাদ্যসহায়তা বন্ধের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। তাই দেশটির সঙ্গে তাদের দ্বিপক্ষীয় চুক্তি অনুযায়ী পরমাণু অস্ত্র বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো বন্ধ রাখার বাধ্যবাধকতা থাকছে না। বিবৃতিতে অভিযোগ করা হয়, খাদ্যসহায়তা বন্ধের ঘোষণা দিয়ে ওয়াশিংটন উত্তর কোরিয়ার সঙ্গে বৈরী আচরণ করেছে। বলা হয়, ‘এর মাধ্যমে আমরা চুক্তি থেকে মুক্ত হতে পেরেছি। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ যুক্তরাষ্ট্র গত ফেব্রুয়ারিতে উত্তর কোরিয়ার সঙ্গে ওই চুক্তি করে। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের কাছ থেকে উত্তর কোরিয়ার দুই লাখ ৪০ হাজার টন খাদ্যপণ্য পাওয়ার কথা ছিল।দক্ষিণ কোরিয়ার বিশ্লেষকেরা বলছেন, উত্তর কোরিয়া এখন হয়তো তৃতীয়বারের মতো পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাবে অথবা আবারও দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাবে। কোনো কোনো বিশ্লেষকের মতে, এবার পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালে উত্তর কোরিয়া প্লুটোনিয়াম নয়, উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করবে। দীর্ঘদিন ধরেই ধারণা করা হচ্ছিল, দেশটি ইউরেনিয়ামসমৃদ্ধ করতে কাজ করছে। বছর দুয়েক আগে অবশ্য দেশটিই ইউরেনিয়ামসমৃদ্ধ করার কথা স্বীকার করে।গত সপ্তাহে রকেটের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া। যদিও উৎক্ষেপণের কয়েক মিনিটের মধ্যে তা বিধ্বস্ত হয়। এর কিছু অংশ পীত সাগরেও পড়ে। যুক্তরাষ্ট্র, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের অভিযোগ, উত্তর কোরিয়া স্যাটেলাইট উৎক্ষেপণের নামে মূলত ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির পরীক্ষা চালানোর পাঁয়তারা করে। তবে উত্তর কোরিয়া এই অভিযোগ অস্বীকার করে বারবার বলেছে, তারা শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্যই ওই স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। স্যাটেলাইট উৎক্ষেপণ করায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদ ও প্রতিবেশী রাষ্ট্র চীন দেশটির নিন্দা জানায়। এদিকে চীন উত্তর কোরিয়ার সঙ্গে শরণার্থী প্রত্যাবাসন চুক্তি স্থগিত করেছে। চীনের অভিযোগ রকেটের মাধ্যমে স্যাটেলাইট উৎক্ষেপণের আগে উত্তর কোরিয়া তাদের সঙ্গে পরামর্শ করেনি। গতকাল জাপানের ইয়োমিউরি শিম্বুন পত্রিকা এ খবর জানায়। পত্রিকাটি চীনের কর্মকর্তাদের বরাত দিয়ে জানায়, উত্তর কোরিয়ার এমন আচরণের মানে হলো, দেশটি প্রতিবেশী বন্ধু রাষ্ট্র চীনের প্রতি যথেষ্ট মনোযোগ দিচ্ছে না। এএফপি, রয়টার্স।