এবার পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলন করছে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পর এবার ইরান পরমাণু নিরস্ত্রীকরণ-বিষয়ক সম্মেলন অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে। ১৭ ও ১৮ এপ্রিল তেহরানে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দেশটি বলেছে, এতে ১৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন।ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রামিন মেহমানপারাস্ত সাংবাদিকদের জানান, তেহরানের সম্মেলনে ১৫টি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও দুই শতাধিক বিদেশি অতিথি অংশ নেবেন।ওয়াশিংটনে পরমাণু নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠানের কয়েক দিন পরই তেহরানে সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইরান ওয়াশিংটন সম্মেলনে অংশ নেয়নি। মেহমানপারাস্ত ওয়াশিংটন সম্মেলনের প্রসঙ্গ খারিজ করে দিয়ে বলেন, বিশ্বের পরমাণু অস্ত্রের কাঁচামালের সবচেয়ে বড় মজুদ নিজেদের কবজায় রেখে তারা পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলন আয়োজন করেছে।মেহমানপারাস্ত বলেন, ‘পরমাণু অস্ত্রধারী কয়েকটি দেশের অংশগ্রহণে অনুষ্ঠেয় নাটকীয় ওই বৈঠক নিয়ে আমাদের দেশের মানুষের সন্দেহ আছে। ওই দেশগুলো সেই অস্ত্রগুলো ব্যবহার করছে এবং তা অন্য দেশের বিরুদ্ধে ব্যবহারের হুমকি দিচ্ছে।’পরমাণু কর্মসূচি বন্ধ না করায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া চলছে। ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে বলে পশ্চিমা দেশগুলো বারবার অভিযোগ করলেও দেশটি বরাবরই তা অস্বীকার করে আসছে। এএফপি।