এবার পশ্চিম তীরে বিশাল সমাবেশ করল হামাস
২০০৭ সালের পর পশ্চিম তীরের নাবলুসে এই প্রথম সমাবেশ করল গাজার ফিলিস্তিনি শাসক দল হামাস। দলটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বৃহস্পতিবার এ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে যোগ দেয় হাজার হাজার ফিলিস্তিনি। গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়।খবরে বলা হয়, পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিন কর্তৃপক্ষ পাঁচ বছরে এই প্রথমবার হামাসকে সমাবেশের অনুমতি দিল। এর মধ্য দিয়ে ফিলিস্তিনের দুই অংশের শাসকগোষ্ঠীর মধ্যে সম্পর্ক জোরদারের আভাস পাওয়া গেল।২০০৬ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর গাজায় ক্ষমতায় আসে হামাস। এর পর থেকে ফিলিস্তিন কর্তৃপক্ষের ফাতাহ পার্টির সঙ্গে হামাসের দ্বন্দ্ব তৈরি হয়।বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের বিরোধী পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমেছে। গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে আট দিনের সংঘর্ষের পর পরিস্থিতি আরও ইতিবাচক হয়েছে। গত সপ্তাহে হামাসের রাজনৈতিক নেতা খালেদ মেশালের নেতৃত্বে গাজায় একটি বিশাল সমাবেশে অংশ নেন ফাতাহর নেতারা। বিবিসি।