এবার পশ্চিমা কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা সিরিয়ার
তুরস্কসহ পশ্চিমা বেশ কয়েকটি দেশের কূটনীতিকদের ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে সিরিয়া সরকার। সিরিয়া সংকট নিয়ে রাশিয়া ও চীনের আলোচনার মধ্যেই দামেস্ক এ পদক্ষেপ নিল। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে বলেছে, কিছু রাষ্ট্র সম্প্রতি সিরিয়ার কূটনৈতিক মিশন ও দূতাবাস কর্মকর্তাদের সেসব দেশে অবাঞ্ছিত বলে জানিয়ে দিয়েছে। পশ্চিমাদের এ পদক্ষেপের জবাবে সিরিয়াও যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, তুরস্কসহ কয়েকটি দেশের বিরুদ্ধে এ পদক্ষেপ নিয়েছে। অন্য যেসব দেশের কূটনীতিকদের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সেগুলো হলো: কানাডা, ইতালি, স্পেন, বেলজিয়াম, বুলগেরিয়া ও জার্মানি।সম্প্রতি সিরিয়ার হুলা শহরে গণহত্যা চালানোর পর পশ্চিমা কয়েকটি রাষ্ট্র থেকে সিরিয়ার রাষ্ট্রদূতদের বের করে দেওয়া হয়। হুলার ওই গণহত্যায় ১০৮ জন নিহত হয়। ২০১১ সালের মার্চে সিরিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ শুরুর পর এটা ছিল বড় ধরনের হত্যাকাণ্ডের ঘটনা। বিবৃতিতে আরও বলা হয়, সিরিয়া সরকারের এখনো সমতা ও পারস্পরিক শ্রদ্ধার নীতিতে আলোচনার ওপর বিশ্বাস আছে। তারা মনে করে, সংকট সমাধানে কূটনীতিই হলো সবার জন্য দরকারি হাতিয়ার। বিবৃতিতে বলা হয়, ‘আমরা আশা করি, এসব রাষ্ট্র সমতা ও শ্রদ্ধার নীতি গ্রহণ করে পারস্পরিক সম্পর্ক স্বাভাবিক করার সুযোগ করে দেবে।’এদিকে সিরিয়া কেফার জিতা শহরে সেনাবাহিনী ও সরকার অনুসারী মিলিশিয়া বাহিনী ট্যাংক নিয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে নতুন করে অভিযান শুরু করেছে। এর তিন দিন আগে ওই শহরে ব্যাপক বোমা হামলা চালানো হয়। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস সোমবার বলেছে, হামলার মুখে বিদ্রোহীরা পিছু হটেছে। শহরের বাসিন্দারা পালিয়েছে। মিলিশিয়া বাহিনী শহরের বাড়িঘর ও দোকানপাটে লুটপাট চালিয়েছে।সংগঠনটি বলেছে, তুরস্ক সীমান্তবর্তী ইদলিব প্রদেশের কেফার ওয়িদ এলাকায়ও ব্যাপক সামরিক হামলা চালানো হয়েছে। এতে চারজন বেসামরিক লোক নিহত হয়েছে। এলাকাটি বিদ্রোহীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এ ছাড়া সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশের আরও বেশ কয়েকটি এলাকায় সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে সংগঠনটি জানায়। হোমসের কয়েকটি এলাকাতেও হামলা চালিয়েছে সেনাবাহিনী। অবজারভেটরি বলেছে, বন্দরনগরী লাটাকিয়ার আল-হাফা এলাকায় সেনাদের হামলায় দুজন বিদ্রোহী নিহত হয়েছে। এদের মধ্যে একজন সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন। তিনি বিক্ষোভ শুরু হওয়ার পর বিদ্রোহীদের সঙ্গে যোগ দিয়েছিলেন। এএফপি।