ইরাকের ভেতরে গত মঙ্গলবার জঙ্গিদের উদ্দেশ করে সিরিয়া বিমান হামলা চালিয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি হামলার বিষয়টি নিশ্চিত করে সিরিয়ার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এএফপি ও বিবিসি৷
এদিকে, জঙ্গিরা গত বুধবার রাতে লড়াইয়ের পর রাজধানী বাগদাদের খুব কাছের একটি শহর দখলে নিয়েছে বলে খবর পাওয়া গেছে৷ এই অবস্থায় নতুন সরকার গঠনের প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে আগামী ১ জুলাই পার্লামেন্টের জরুরি অধিবেশন ডেকেছে ইরাকি প্রেসিডেন্টের কার্যালয়৷ প্রধানমন্ত্রী মালিকির ঘনিষ্ঠ সহযোগী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট খুদাইর আল-খুজাই গতকাল এক ডিক্রি জারি করে পার্লামেন্ট অধিবেশন আহ্বান করেন৷
গত এপ্রিলে ইরাকে নির্বাচন অনুষ্ঠিত হয়৷ এতে বেশির ভাগ আসনে জয়ী হন শিয়া প্রধানমন্ত্রী মালিকির পক্ষের প্রার্থীরা৷ তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা তাঁরা পাননি৷
এই অবস্থায় শিয়া-সুন্নি-কুর্দিসহ সব সম্প্রদায়কে নিয়ে ক্ষমতা ভাগাভাগির মাধ্যমে একটি মতৈক্যের সরকার গঠনে মালিকিকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব৷ তবে মালিকি সেই সম্ভাবনা নাকচ করে দিয়েছেন৷ তবে রাজধানী বাগদাদের দিকে ধেয়ে আসতে থাকা সুন্নি জঙ্গিদের মোকািবলায় তেমন কিছুই করতে পারছে না সরকারি বাহিনী৷
মালিকি গতকাল বিবিসিকে বলেন, ‘জঙ্গিদের ওপর মঙ্গলবার সিরিয়া বিমান হামলা চালিয়েছে। বিমান হামলা চালানোর জন্য ইরাকের পক্ষ থেকে সিরিয়াকে কিছু বলা হয়নি৷ তবে জঙ্গিদের ওপর এ ধরনের হামলা চালানো হলে আমরা তাকে স্বাগত জানাই৷’
মালিকি জানান, জঙ্গিবিরোধী লড়াই জোরদার করতে রাশিয়ার কাছ থেকে জঙ্গিবিমান কিনছে ইরাক৷ কয়েক দিনের মধ্যে ওইসব বিমান এসে পেঁৗছাবে৷
মালিকি আশার কথা শোনালেও সশস্ত্র জঙ্গিদের বাগদাদ অভিমুখে অভিযান অব্যাহত রয়েছে৷ গত বুধবার রাতভর লড়াইয়ের পর তারা বাগদাদ থেকে মাত্র এক ঘণ্টার দূরত্বে অবস্থিত মানসুরিয়াত আল-জাবাল শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে৷ শহরটিতে চারটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র রয়েছে৷
এ ছাড়া বাগদাদের উত্তর-পশ্চিমে অবস্থিত ফোরাত নদীর ওপর অবস্থিত হাদিথা বাঁধের দিকে এগিয়ে যাচ্ছে জঙ্গিরা৷ বাগদাদ থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত বাঁধটি দেশের দ্বিতীয় বৃহত্তম বাঁধ৷ নিরাপত্তা কর্মকর্তারা আশঙ্কা প্রকাশ করেন, বাঁধ এলাকায় লড়াইয়ে বাঁধের কোনো ক্ষতি হলে ভয়াবহ বন্যা দেখা দিতে পারে৷
কর্মকর্তারা জানান, উত্তর, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিম দিক দিয়ে হাদিথা বাঁধের দিকে অগ্রসর হচ্ছে জঙ্গিরা৷ তারা ইিতমধ্যে বাঁধের পূর্বপাশের বুরওয়ানা এলাকায় পেঁৗছে গেছে৷ সরকারি বাহিনী তাদের প্রতিহত করার চেষ্টা করছে৷
সেনাবাহিনীর কর্মকর্তারা বাঁধের কর্মচারীদের সেখানেই থাকতে বলেছেন এবং নির্দেশ দেওয়ার পর বাঁধের জলকপাট খুলে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছেন৷
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মী বলেন, ‘জলকপাট খুলে দিলে এই অঞ্চলে শহর ও গ্রাম বন্যায় তলিয়ে যাবে৷ এতে আমাদের নিজেদের এবং শত্রুদের ক্ষতি হবে৷’