এবার বাড়ি থেকে পালালেন চেন গুয়াংচেংয়ের ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের ভিন্নমতাবলম্বী নেতা চেন গুয়াংচেংয়ের ভাই চেন গুয়াংফু বাড়ি থেকে পালিয়েছেন। পুলিশ হেফাজতে থাকা ছেলের জন্য আইনি সহায়তা চাইতে গতকাল বৃহস্পতিবার রাজধানী বেইজিং যান তিনি। চীনের মানবাধিকার-বিষয়ক আইনজীবী ডিং সিকুই এ কথা জানান।গত মাসে গৃহবন্দিত্ব থেকে পালিয়ে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে আশ্রয় নেন চেন গুয়াংচেং। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের কূটনৈতিক টানাপোড়েন সৃষ্টি হয়। সম্প্রতি স্বপরিবারে যুক্তরাষ্ট্রে চলে যান চেন।আইনজীবী সিকুই জানান, ‘সানদং প্রদেশের ডংসিগু গ্রাম থেকে গুয়াংফু মধ্যরাতে পালিয়ে বেইজিংয়ে এসেছেন। গ্রামে গুয়াংফুকে প্রায় গৃহবন্দী করে রাখা হয়েছিল।’ তিনি জানান, ছেলের জন্য আইনি সহায়তা চাইতেই বাড়ি থেকে পালিয়েছেন গুয়াংফু। তবে নিরাপত্তার কথা চিন্তা করে বেইজিংয়ে তিনি কোথায় আছেন, তা জানাননি এই আইনজীবী। ‘এক সন্তান নীতি’র দেশ চীনে জোর করে গর্ভপাত করানোর বিপক্ষে ছিলেন গুয়াংচেং। এর বিরুদ্ধে প্রচারাভিযানও চালান। তিনি ২০১০ সালের সেপ্টেম্বর থেকে গৃহবন্দী ছিলেন। এর আগে ২০০৬ সাল থেকে চার বছর কারাভোগ করেন। এএফপি।