এবার বিদ্যুতের দাম কমালেন কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: ‘দ্য হিন্দু’র সৌজন্যে
দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছবি: ‘দ্য হিন্দু’র সৌজন্যে

ভারতের দিল্লির বাসিন্দাদের জন্য এবার বিদ্যুতেও ভর্তুকি দিল অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টির (এএপি) রাজ্য সরকার।
আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদের এক বৈঠকের পর কেজরিওয়াল ওই ঘোষণা দেন। একই সঙ্গে ভারতের বেসরকারি তিনটি বিদ্যুৎ কোম্পানির হিসাব নিরীক্ষণ করতে দেশটির কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে (সিএজি) নির্দেশ দিয়েছেন তিনি।
কেজরিওয়ালের ঘোষণা অনুযায়ী, বাসাবাড়িতে ৪০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারকারীরা সরকারের পক্ষ থেকে আগামী তিন মাস ৫০ শতাংশ ভর্তুকি পাবেন। এ সুবিধা দেওয়ায় ভারত সরকারের খরচ বাড়বে ৬১ কোটি রুপি।
বিদ্যুতে দেওয়া ওই ভর্তুকি ছিল বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির দেওয়া অন্যতম প্রতিশ্রুতি। এতে ২৮ লাখ ভোক্তা উপকৃত হবেন।
এদিকে গতকাল সোমবার দিল্লির বাসিন্দাদের জন্য বিনা মূল্যে ২০ হাজার লিটার সুপেয় পানি সরবরাহের ঘোষণা দেন কেজরিওয়াল। এর এক দিন পরই আজ তিনি বিদ্যুতের দাম কমানোর ঘোষণা দিলেন।
মাত্র তিন মাসের জন্য ভর্তুকির ব্যাপারে জানতে চাইলে কেজরিওয়াল গণমাধ্যমকে বলেন, হিসাব নিরীক্ষণ প্রতিবেদনের পর পরবর্তী নির্দেশনা দেওয়া হবে। তিনি বলেন, অর্থের হিসাব-সংক্রান্ত প্রস্তাবের ওপর তিনটি বিদ্যুৎ কোম্পানির মতামতের ওপর ভিত্তি করে আগামীকাল বুধবার মন্ত্রিপরিষদের একটি বৈঠক হবে।

কেজরিওয়াল আরও বলেন, ‘ওই কোম্পানিগুলোর উত্তরের ধরন বিশ্লেষণ করে আমরা তাদের হিসাব নিরীক্ষণ করব কী করব না, সে ব্যাপারে সিদ্ধান্ত নেব।’