এবার বিপৎসংকুল পথে যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তমহাদেশীয় যাত্রা সাফল্যের সঙ্গে শেষ করে এবার সবচেয়ে কঠিন পথ পাড়ি দেওয়ার জন্য যাত্রা করেছে সৌরশক্তিচালিত উড়োজাহাজ। মরক্কোর বিপৎসংকুল মরুভূমি এলাকার ওপর দিয়ে গতকাল বুধবার ওই সৌরবিমান যাত্রা করে। সুইজারল্যান্ডের আন্দ্রে বর্শবার্গ উড়োজাহাজে পাইলটের দায়িত্বে আছেন। মরক্কোর রাবাত বিমানবন্দর থেকে দক্ষিণাঞ্চলীয় আউরজাজাত শহরের উদ্দেশে গতকাল সকালে উড়োজাহাজ উড্ডয়ন করে। দীর্ঘ প্রায় ১৬ ঘণ্টার যাত্রাপথে উড়োজাহাজটি পাড়ি দেবে উষ্ণ ও শুষ্ক মরুভূমি এবং পার্বত্য অঞ্চল। অন্তত তিন হাজার মিটার উঁচু পথ দিয়ে যাবে এটি।বিমানের পাইলট বর্শবার্গ বলেন, ‘যাত্রাপথ বিপজ্জনক, এটা সহজ হবে না। তবে এই কঠিন পথ পাড়ি দেওয়ার উপায় আমাদের জানা আছে।’উড়োজাহাজটির ডানার আকৃতি বড় হলেও ওজন মাঝারি আকারের মোটরগাড়ির মত। ১২ হাজার সৌরকোষ ও চারটি বৈদ্যুতিক ইঞ্জিনসংবলিত এই উড়োজাহাজ এক ফোঁটা তেল ছাড়া চলাচল করতে পারে। এএফপি।