এবার বুর্জ খলিফায় চোখ পড়েছে ফরাসি ‘স্পাইডারম্যানের’
ফরাসি ‘স্পাইডারম্যান’-এর এবার চোখ পড়েছে বুর্জ খলিফার দিকে। দুবাইয়ে অবস্থিত বিশ্বের এই সর্বোচ্চ ভবনের চূড়ায় বেয়ে ওঠার পরিকল্পনা করেছেন তিনি। প্রকাশ্যে এ ঘোষণা দিয়ে তিনি বলেছেন, বেশি দূরে নয়, ২০১১ সালেই এই স্বপ্ন পূরণ করবেন তিনি। মালয়েশিয়ার এক সংবাদ সংস্থার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামা গত শনিবার জানায়, স্পাইডারম্যান হিসেবে পরিচিত ফরাসি ভবন আরোহী অ্যালান রবার্ট বলেছেন, বিশ্বের সর্বোচ্চ ভবন বেয়ে ওঠার লক্ষ্য স্থির করেছেন তিনি। রবার্টের বরাত দিয়ে বারনামা বলেছে, ‘যে করেই হোক, বুর্জ খলিফা বেয়ে উঠতে হবে। আগামী বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে এ স্বপ্ন পূরণ করতে হবে।’ রবার্ট বলেন, ‘দুবাইয়ের বাসিন্দাদের আমার জানা আছে। ভবন বেয়ে ওঠা দেখতে তারা পছন্দ করে।’অ্যালান রবার্ট এর আগে এম্পায়ার স্টেট বিল্ডিং, সিয়ার্স টাওয়ার ও তাইপে-১০১ আরোহণ করেছেন। সর্বশেষ গত বছর তিনি মালয়েশিয়ার পেট্রোনাস টুইন টাওয়ারসে আরোহণ করেন। দুঃসাহসিক এ কাজের জন্য সারা বিশ্বে ‘স্পাইডারম্যান’ নামেই পরিচিত তিনি।অ্যালান রবার্ট স্বীকার করেছেন, দুবাইয়ে বুর্জ খলিফা বেয়ে ওঠা ততটা সহজ হবে না। এ ব্যাপারে তিনি বলেন, দুবাইয়ের আবহাওয়া খুবই গরম। সেখানে দিনের তাপমাত্রা সব সময় ৪০ ডিগ্রি সেলসিয়াসের ওপর থাকে। এই গরমের মধ্যে বুর্জ খলিফায় উঠতে তাঁর বেশ কষ্ট হবে।রবার্ট আরও বলেন, ‘উঁচু ভবনে আরোহণ করা আমার কাছে গুরুত্বপূর্ণ। এটা আমার কাছে খাবার আর নিঃশ্বাসের মতোই সমান। ’মালয়েশিয়ার পেট্রোনাস টাওয়ারস খালি হাতে বেয়ে ওঠায় গত সেপ্টেম্বরে রবার্টকে জরিমানা করেন সে দেশের একটি আদালত। উল্লেখ্য, রবার্ট ২০০৯ সালে ৮৮ তলার এই টাওয়ার দুই ঘণ্টারও কম সময়ে বেয়ে ওঠেন। এএফপি।