এবার ব্রিটিশ সরকারের গুপ্তচরবৃত্তির তথ্য ফাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের গোয়েন্দা সংস্থা ব্রিটিশ গভর্নমেন্ট কমিউনিকেশনস হেডকোয়ার্টারস (জিসিএইচকিউ) বিশ্বের বিভিন্ন দেশের ফোনালাপ ও ইন্টারনেট সংযোগের কেবলে ঢুকে অসংখ্য গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য সংগ্রহ করছে। ‘দ্য গার্ডিয়ান’-এর এক বিশেষ প্রতিবেদনে আজ শনিবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

মার্কিন গোয়েন্দা সংস্থার গুপ্তচরবৃত্তি নিয়ে বিশ্বে যখন তোলপাড় চলছে, তখনই জিসিএইচকিউর বিরুদ্ধে একই ধরনের অভিযোগের প্রমাণ মিলল। মার্কিন গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি এজেন্সির (এনএসএ) সহযোগী সংস্থা ব্রিটেনের এই জিসিএইচকিউ।

‘দ্য গার্ডিয়ান’-এর প্রতিবেদনে বলা হয়, জিসিএইচকিউর মূল আগ্রহের জায়গা মূলত দুটি ক্ষেত্রে—ইন্টারনেটের ওপর খবরদারি চালানো এবং বিশ্ব টেলিযোগাযোগ-ব্যবস্থা নিজের স্বার্থে ব্যবহার করা। এসবের মধ্য দিয়ে সংস্থাটি অনলাইন ও টেলিযোগাযোগ-ব্যবস্থা থেকে যত বেশি সম্ভব তথ্য সংগ্রহের চেষ্টা করছে। আশঙ্কার কথা হলো, কোনো ধরনের প্রকাশ্য আলোচনা, ঘোষণা বা বিতর্ক ছাড়া গোপনে কাজ সারছে জিসিএইচকিউ।

গোয়েন্দা সংস্থাটি ফাইবার কেবল থেকে তথ্য সংগ্রহ করে নিজেদের ব্যবস্থাপনায় ৩০ দিন পর্যন্ত সংরক্ষণ ও বিশ্লেষণ করে। এরপর সেগুলো আরেকটি স্থানে সংরক্ষণের জন্য পাঠিয়ে দেয়। এ কর্মপদ্ধতি জিসিএইচকিউয়ের নিজস্ব উদ্ভাবন।

সংস্থাটির পরিচালিত এ গোয়েন্দা কর্মসূচির কোড নাম ‘টেমপোরা’। ১৮ মাস ধরে এটি কার্যকর আছে।

জিসিএইচকিউ ও এনএসএ অসংখ্য নিরপরাধ মানুষ ও সন্দেহভাজনদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে সেগুলো প্রক্রিয়াজাত করতে সক্ষম। ফোনালাপ, ই-মেইল, ফেসবুক এন্ট্রি ও বিভিন্ন ওয়েবসাইটের ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করছে সংস্থা দুটি। আইনত কোনো ব্যক্তির তথ্য সংগ্রহের একটি সীমা থাকলেও এসব সংস্থার কার্যক্রমে সে নিয়ম অনুসরণ করা হচ্ছে না। তবে এর পরও এসব কর্মসূচি এখন পর্যন্ত আইনত সিদ্ধ বলে ধারণা করা হচ্ছে।

সিআইয়ের সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন সম্প্রতি এনএসএর গোপন গোয়েন্দা কর্মসূচির খবর ফাঁস করেন। তিনি এ কর্মসূচিকে ‘মানবেতিহাসে নিরপরাধ ব্যক্তিদের ওপর চালানো সবচেয়ে বড় গুপ্তচরবৃত্তি’ হিসেবে অভিহিত করেছেন।

‘দ্য গার্ডিয়ান’কে দেওয়া সাক্ষাত্কারে স্নোডেন বলেন, ‘এটি কেবল যুক্তরাষ্ট্রের সমস্যা নয়। যুক্তরাজ্যের বিরুদ্ধেও এমন অভিযোগ আছে। এরা বরং যুক্তরাষ্ট্রের চেয়ে খারাপ।’

যুক্তরাজ্যের কর্মকর্তারা জানান, জিসিএইচকিউ ‘এনএসএর চেয়ে বেশি তথ্য’ সংগ্রহ করেছে। গত মে মাসে জিসিএইচকিউর ৩০০ ও এনএসএর ২৫০ জন বিশ্লেষক বিভিন্ন তথ্য ঘেঁটে প্রয়োজনীয় তথ্যগুলো আলাদা করার কাজ শুরু করেন।

‘দ্য গার্ডিয়ান’ আরও জানায়, জিসিএইচকিউর তথ্যভান্ডারে প্রায় সাড়ে আট লাখ এনএসএ-কর্মী ও যুক্তরাষ্ট্রের বেসরকারি ঠিকাদারদের প্রবেশাধিকার আছে। গোয়েন্দা সংস্থাটির নথিপত্র ঘেঁটে জানা গেছে, এটি প্রতিদিন ৬০ কোটি ফোনালাপ রেকর্ড করছে, ২০০ ফাইবার কেবলে অনুপ্রবেশ করছে এবং একসঙ্গে ৪৬টি কেবলের তথ্য বাছাই করছে।

প্রতিটি ফাইবার কেবল প্রতি সেকেন্ডে ১০ গিগাবাইট তথ্য বহন করে। এই হিসাবে জিসিএইচকিউ প্রতিদিন ২১ পেটাবাইট (১০ লাখ গিগাবাইটে এক পেটাবাইট) তথ্য সংগ্রহ করছে। এই গতিতে ব্রিটিশ লাইব্রেরির সব বই ও তথ্য এক দিনে ১৯২ বার সংগ্রহ করা সম্ভব।

টেমপোরা কর্মসূচি বিশ্বের ২০০ কোটি ইন্টারনেট ব্যবহারকারীর প্রতিদিনের প্রতিটি মুহূর্তের সব তথ্য সংগ্রহ করছে। একইভাবে এনএসএর প্রিজম কর্মসূচির মাধ্যমেও ব্যবহারকারীদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

জিসিএইচকিউর এ প্রকল্প পাঁচ বছরে বাস্তবায়িত হয়েছে। আটলান্টিক মহাসাগরের নিচ দিয়ে যে অপটিক্যাল ফাইবার বসানো হয়েছে, ব্রিটিশ উপকূলের কাছে সেটির একটি অংশ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। একটি গোপন গোয়েন্দা নথি থেকে জানা গেছে, এ প্রকল্পের জন্য বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে একটি চুক্তিও করা হয়েছিল।

‘দ্য গার্ডিয়ান’-এর খবরে বলা হয়, এ জন্য জিসিএইচকিউ বাণিজ্যিক প্রতিষ্ঠানকে অর্থ সরবরাহ করেছিল এবং গোয়েন্দা তত্পরতা যেন গোপন থাকে, সেটি নিশ্চিত করার চেষ্টা করেছিল।

এক গোপন সূত্রের বরাত দিয়ে পত্রিকাটি জানায়, গোয়েন্দা সংস্থাটির প্রস্তাবে রাজি হতে অনেক প্রতিষ্ঠানকে বাধ্য করা হয়েছিল। ওই ব্যক্তি বলেন, ‘প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স দেওয়ার সময় এমন এক শর্ত জুড়ে দেওয়া হয়েছিল, যাতে তারা তথ্য সরবরাহে বাধ্য হয়। যদি তারা প্রস্তাব অগ্রাহ্য করত, তবে তাদের বাধ্য করা হতো। তাদের আর কোনো উপায় ছিল না।’

ব্রিটিশ গোয়েন্দাদের এসব কর্মসূচির বৈধতা প্রশ্নাতীত নয়। জিসিএইচকিউর আইন পরামর্শকেরা চাইছেন, প্রতিষ্ঠানের গুপ্তচরবৃত্তিকে আইনি স্বীকৃতি দেওয়া হোক। যুক্তরাজ্যের রেগুলেশন অব ইনভেস্টিগেটরি পাওয়ার অ্যাক্ট ২০০০ অনুসারে কারও ব্যক্তিগত তথ্য রেকর্ড করতে হলে এর জন্য পরোয়ানা থাকতে হবে এবং সে পরোয়ানা স্বরাষ্ট্রমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রীর অনুমোদিত হতে হবে।