মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সর্বশেষ মধ্যপ্রাচ্য সফরে গিয়ে নতুন প্রজন্মের জন্য উদ্দীপনা সৃষ্টিকারী ভাষণ দিয়েছিলেন। চলতি সপ্তাহে আবার তিনি যাচ্ছেন ওই অঞ্চলে। এবার তিনি আগেই বলে দিয়েছেন, তিনি যাচ্ছেন সেখানকার মানুষের কথা শুনতে। এবার আর কোনো বড় পরিকল্পনা নেই।প্রেসিডেন্ট হিসেবে প্রথমবারের মতো ইসরায়েল, পশ্চিম তীর এবং জর্ডান সফরে যাচ্ছেন ওবামা। ২০০৯ সালে মধ্যপ্রাচ্যে গিয়ে মিসরের কায়রোয় এক ভাষণে তিনি মুসলিম বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সূচনার ডাক দিয়েছিলেন। তাঁর সেই ভাষণে ছিল উচ্চাকাঙ্ক্ষার ছড়াছড়ি, স্বীকার করেছিলেন, ভুল ছিল মার্কিন আচরণে। ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন ওবামা। বলেছিলেন, এ জন্য যা যা করা দরকার, তার সবই তিনি করবেন ধৈর্য এবং একাগ্রতা নিয়ে।কিন্তু সেই সব স্বপ্ন, লক্ষ্য ও প্রতিশ্রুতির কিছুই বাস্তবায়িত হয়নি। এমন একটি প্রেক্ষাপটেই বুধবার ওবামা পা রাখবেন জেরুজালেমের মাটিতে। বিশেষজ্ঞরা বলছেন, এটা ওবামার একটি আটপৌরে সফর। শান্তি প্রতিষ্ঠার নতুন কোনো উদ্যোগ এবার নেই।ওবামাও সেটা স্বীকার করেছেন। গত বৃহস্পতিবার ইসরায়েলি টেলিভিশনকে তিনি বলেন, ‘আমার এই সফরের লক্ষ্য তাঁদের কথা শোনা।’ মার্কিন প্রেসিডেন্ট জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং ফিলিস্তিনি নেতা মাহমুদ আব্বাস ও সালাম ফায়েদ কী ভাবছেন, তিনি তা জানতে চান।এখন প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে এ সামান্য উদ্দেশ্য নিয়ে ওবামা কেনই বা মধ্যপ্রাচ্যে যাচ্ছেন। অথচ ক্ষমতার প্রথম মেয়াদে তিনি নিজেদের অন্যতম মিত্র ইসরায়েল সফরে যাননি। এ নিয়ে তো তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। তাহলে এবার বড় কোনো লক্ষ্য-উদ্দেশ্য ছাড়াই কেন তিনি সেখানে যাচ্ছেন।কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, ওবামা চার বছরের নতুন মেয়াদ শুরু করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুরও নতুন মেয়াদ শুরু হয়েছে। কাজেই ইরান ও সিরিয়ার মতো চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়ার জন্য ওবামা এই সফরটা কাজে লাগাতে চাইবেন।ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রক্রিয়া নতুন করে শুরু করা এখন কঠিন। ইসরায়েল বা ফিলিস্তিন এবং ওই অঞ্চলের অন্যান্য রাষ্ট্রও নিজেদের নিয়ে ভীষণ ব্যস্ত। শান্তি প্রক্রিয়ায় ভূমিকা রাখার মতো পরিস্থিতি তাদের নেই।মিসরের ক্ষমতায় আছে ইসরায়েলবিদ্বেষী মুসলিম ব্রাদারহুড। তারাও নিজেদের পরিস্থিতি সামলাতে হিমশিম খাচ্ছে। অন্যের শান্তি প্রতিষ্ঠার সময় তাদের নেই।সিরিয়ার অবস্থা আরও খারাপ। অভ্যন্তরীণ সহিংসতায় জর্জরিত। প্রতিবেশীদের ঘরে শান্তি আছে কি নেই, তা নিয়ে ভাবার সময় তাদেরও কোথায়?আর সৌদি আরব? তাদের সীমান্তজুড়ে রাজনৈতিক অস্থিরতা। বাদশাহ অসুস্থ। তাঁর উত্তরাধিকার নিয়ে চলছে টানাটানি। কাজেই বাইরের দিকে তাকানোর ফুসরত তাদেরও সামান্য।এ অবস্থায় ওবামার সফরকে হয়তো নতুন করে যোগাযোগ শুরুর ইঙ্গিত হিসেবেই নিতে পারে ইসরায়েল, ফিলিস্তিন বা জর্ডান। কিন্তু ওই অঞ্চলের অন্য দেশগুলো ওবামার সফর নিয়ে এবার আর চার বছর আগের মতো আগ্রহ দেখাবে না, সেটাই স্বাভাবিক। এএফপি।