এবার মার্কিন গোয়েন্দা সংস্থার লাখো বার্তা ফাঁস করছে উইকিলিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন কূটনীতিকদের গোপন নথি ফাঁস করে বিশ্বব্যাপী সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকস এবার যুক্তরাষ্ট্রভিত্তিক গোয়েন্দা সংস্থা স্ট্র্যাটফরের (স্ট্র্যাটেজিক ফরকাস্টিং) ৫০ লাখেরও বেশি গোপন ই-মেইল বার্তা প্রকাশ শুরু করেছে। উইকিলিকস গতকাল সোমবার এ কথা জানিয়েছে। উইকিলিকসের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ই-মেইল বার্তাগুলো ২০০৪ সালের জুলাই থেকে ২০১১ সালের ডিসেম্বরের মধ্যবর্তী সময়ের। বার্তাগুলো স্ট্র্যাটফরের তথ্যদানকারী বিশ্বব্যাপী বিশাল কর্মীবাহিনী, তাঁদের বেতনকাঠামো, বেতন পৌঁছে দেওয়ার কৌশল এবং মনস্তাত্ত্বিক পদ্ধতির মতো বিষয়গুলো ফাঁস করে দেবে। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ই-মেইল বার্তাগুলো দেখাবে, কীভাবে একটি বেসরকারি গোয়েন্দা সংস্থা কাজ করে এবং কীভাবে তারা তাদের ক্লায়েন্ট বানানোর জন্য কোনো ব্যক্তিকে লক্ষ্যবস্তু করে থাকে। অনলাইনভিত্তিক সংগঠনটি দাবি করেছে, তারা গোয়েন্দা সংস্থাটির সঙ্গে ভারতের ভোপালের ডাউ কেমিক্যাল কোম্পানি, লকহিড মার্টিনসহ বড় বড় করপোরেট প্রতিষ্ঠান এবং মার্কিন অভ্যন্তরীণ নিরাপত্তা দপ্তর, নৌ-দপ্তর, প্রতিরক্ষা গোয়েন্দা দপ্তরসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের গোয়েন্দা-সংশ্লিষ্টতা প্রমাণ করতে সক্ষম হয়েছে।উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ বর্তমানে একটি ধর্ষণ ও যৌন হয়রানির মামলায় সুইডেনের কাছে তাঁকে সমর্পণের বিরুদ্ধে যুক্তরাজ্যের আদালতে লড়াই চালিয়ে যাচ্ছেন। উইকিলিকসের আশঙ্কা, অ্যাসাঞ্জকে সুইডেনে পাঠানো হলেই তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে। যুক্তরাষ্ট্রের লাখ লাখ গোপন কূটনৈতিক তারবার্তা প্রকাশ করায় ওয়াশিংটন অ্যাসাঞ্জের ওপর ক্ষিপ্ত রয়েছে। উইকিলিকস বলেছে, তাদের সর্বশেষ ফাঁস করা এই ই-মেইল বার্তাগুলো প্রমাণ করে দেবে, স্ট্র্যাটফর উইকিলিকসের ওয়েবসাইটটি ‘ধ্বংস করে দেওয়ার’ চেষ্টা চালিয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র যে অ্যাসাঞ্জকে ‘আক্রমণ’ করার চেষ্টা চালিয়েছে, তা-ও প্রমাণিত হয়ে যাবে। ১৯৯৬ সালে জর্জ ফ্রেইডম্যানের হাত ধরে প্রতিষ্ঠা পাওয়া স্ট্র্যাটফর নিজেকে অর্থের বিনিময়ে গ্রাহকদের বিশ্ব ভূ-রাজনৈতিক বিষয়ে গোয়েন্দা তথ্যদাতা হিসেবে বর্ণনা করে থাকে। যুক্তরাষ্ট্রের টেক্সাসভিত্তিক গোয়েন্দা সংস্থাটির ওয়েবসাইটের মতে, বিশ্বব্যাপী তাদের গ্রাহকদের কোনো আন্তর্জাতিক ঘটনা সম্পর্কে গভীর তথ্য দেওয়ার পাশাপাশি প্রকৃতপক্ষে কী ঘটেছে, কেন ঘটেছে এবং পরবর্তী সময় কী ঘটতে পারে, তার বিশদ ব্যাখ্যা দিয়ে থাকে বলে দাবি করে থাকে স্ট্র্যাটফর। উইকিলিকসের বিশ্বাস, কয়েক সপ্তাহের মধ্যেই ওই ই-মেইল বার্তাগুলোর গুরুত্ব পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে তাদের ২৫টি মিডিয়া পার্টনার ও সাধারণ জনতা ওই বিশাল বার্তাভান্ডার থেকে প্রয়োজনীয় তথ্য বের করে ফেলতে সক্ষম হবে। উইকিলিকসের মিডিয়া পার্টনারদের মধ্যে আছে মার্কিন সাময়িকী রোলিং স্টোন, ভারতীয় ইংরেজি দৈনিক দ্য হিন্দু ও ইতালির লা রিপাবলিকা। উইকিলিকস দাবি করেছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের সাবেক প্রধান জেনারেল হামিদ গুলকে স্ট্র্যাটফর সম্পূরক সদস্যপদ দিয়েছিল। এ-সংক্রান্ত প্রমাণ তাদের হাতে রয়েছে। মার্কিন গোপন তারবার্তা অনুযায়ী, এই হামিদ গুল আফগানিস্তানে ২০০৬ সালে ন্যাটো নেতৃত্বাধীন আন্তর্জাতিক বাহিনীর বিরুদ্ধে বোমা হামলার পরিকল্পনা করেছিলেন। এএফপি।