এবার মিশ্র বর্ণের স্পাইডারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারভেলস কমিকস সিরিজের নতুন বইয়ের স্পাইডারম্যান মিশ্র বর্ণের। সে আধাকালো-আধাল্যাটিনো। সম্প্রতি নিহত পিটার পার্কারের স্থলাভিষিক্ত হলেন নতুন এই স্পাইডারম্যান। তাঁর নাম মাইলস মোরালেস। সেও নিউইয়র্কের এক তরুণ।মারভেলস আলটিমেট ফলআউট সংখ্যা ৪-এ মোরালেসের আবির্ভাব ঘটে। শ্বেতাঙ্গ স্পাইডারম্যান নিহত হওয়ার পর এই মিশ্র বর্ণের স্পাইডারম্যানের আবির্ভাব সম্পর্কে মারভেলসের মুখ্য সম্পাদক অ্যাক্সেল অ্যালোনসো বলেন, নতুন এই স্পাইডারম্যান যুক্তরাষ্ট্রের উন্নত সাংস্কৃতিক ঐতিহ্যের কথাই বলে।গত জুনে আলটিমেট স্পাইডারম্যান সংখ্যা ১৬০-এ দেখানো হয়, ভয়ানক শত্রু গ্রিন গবলিনের সঙ্গে লড়াইয়ের একপর্যায়ে পার্কার নিহত হন। পার্কারের মতো মোরালেসও নিউইয়র্কের শ্রমজীবী পরিবারের এক তরুণ। তবে বেশ চটপটে। কালো ও ল্যাটিনো বাবা-মায়ের সঙ্গে ব্রুকলিনে বাস করেন তিনি। ব্রুকলিন এলাকায় নানা জাতির মানুষের বসবাস। অন্যদিকে পার্কার ছিলেন শ্বেতাঙ্গ। তিনি বেড়ে ওঠেন কুইনসে। সেখানে তাঁর বেশির ভাগ প্রতিবেশী ছিল শ্বেতাঙ্গ।মিশ্র গাত্রবর্ণের স্পাইডারম্যানের আবির্ভাবের বিষয়ে অ্যালোনসো বলেন ‘আমরা আসলে এর মাধ্যমে একুশ শতকের কথা বলতে চেয়েছি। মুখোশ খোলার পর এখন থেকে স্পাইডারম্যানকে একেবারেই অন্য রকম দেখাবে।’মারভেলের মুখ্য সম্পাদক অ্যালোনসোর মা ইংল্যান্ড ও বাবা মেক্সিকোর মানুষ। অ্যালোনসো জানান, ‘বারাক ওবামা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবর শুনে তিনি আনন্দে চেঁচিয়ে উঠেছিলেন। কারণ ওবামা একজন আফ্রিকান-আমেরিকান। এএফপি।