এবার মুম্বাইয়ে স্কুলবাসে শিশুকে ধর্ষণ
ভারতের মুম্বাইয়ে এবার চলন্ত স্কুলবাসে ধর্ষণের শিকার হয়েছে এক শিশু। এ ঘটনায় বাসের একজন সহকারীকে (কন্ডাক্টর) গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে স্কুলের বাসে করে বাড়িতে ফেরার পথে শিশুটি যৌন নির্যাতনের শিকার হয়।ওই শিশুটি মুম্বাইয়ের প্রিমিয়ার জুহু স্কুলের নার্সারির ছাত্রী ছিল। এ ঘটনায় গ্রেপ্তার সহকারীর নাম রামেশ রাজপুত (৩৫)।মঙ্গলবার বিকেলে ১৬ আসনের ওই স্কুলবাস অন্য শিক্ষার্থীদের নামিয়ে সর্বশেষ শিশুটিকে নিয়ে যাচ্ছিল। এ সময় তাকে একা পেয়ে রমেশ তার ওপর যৌন নির্যাতন চালান। পুলিশ কর্মকর্তারা বলছেন, রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী স্কুলবাসে একজন নারী তত্ত্বাবধানকারী থাকার কথা। কিন্তু ওই ঘটনার সময় এই দায়িত্বে কেউ ছিলেন না।তবে বিদ্যালয় কর্তৃপক্ষ দাবি করেছে, এ সময় একজন নারী তত্ত্বাবধানকারী ছিলেন। তিনিই ওই শিশু নির্যাতনকারী বাসের সহকারীকে থামান। ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে গত বৃহস্পতিবার রমেশকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাঁকে আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।ওই কর্মকর্তা জানান, বাসের সামনের দিকে বসে ওই শিশুটি তার বাসায় যাওয়ার অপেক্ষা করছিল। তখন বাসচালকের সহকারী রমেশ তাকে পেছনের আসনে বসতে বাধ্য করে। এরপর তিনি শিশুটির ওপর নির্যাতন চালান।পুলিশ কর্মকর্তারা জানান, এ ঘটনায় ভীত-সন্ত্রস্ত শিশুটি মঙ্গলবার বিষয়টি তার পরিবারের কাছে জানায়নি। পরে বুধবার বিষয়টি পরিবারকে জানানো হলে ওই দিন বিকেলে শিশুটির বাবা বিদ্যালয়ের প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ করেন। টিএনএন।