এবার মুসলিমা ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা!
ইন্দোনেশিয়ায় অনুষ্ঠেয় মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা এমনিতেই কট্টরপন্থী মুসলিম গোষ্ঠীগুলোর বিরোধিতার মুখে পড়েছে। এ আয়োজনটির প্রতি নতুন চ্যালেঞ্জ হয়ে আসছে শুধু মুসলিম সুন্দরীদের প্রতিযোগিতা মুসলিমা ওয়ার্ল্ড।
রাজধানী জাকার্তায় আগামী বুধবার অনুষ্ঠিত হবে মুসলিমা ওয়ার্ল্ড প্রতিযোগিতা। এর উদ্যোক্তা একা শান্তি গতকাল শনিবার বলেছেন, এটি মিস ওয়ার্ল্ডের বিপরীতে ইসলামের একটি তুলনীয় উদ্যোগ।
শান্তি বলেন, মুসলিমা ওয়ার্ল্ডও একটি সুন্দরী প্রতিযোগিতা, কিন্তু এটি মিস ওয়ার্ল্ড থেকে অনেক আলাদা। এতে অংশ নিতে হলে প্রতিযোগীকে ধার্মিক হতে হবে। তাঁকে ইতিবাচক অনুকরণীয় ব্যক্তিত্বের পরিচয় দিতে হবে। এ ছাড়া আধুনিক এ যুগের সঙ্গে ধর্মীয় জীবনের ভারসাম্য কীভাবে তিনি রক্ষা করেন, তা-ও দেখাতে হবে।
ইন্দোনেশিয়ার কট্টরপন্থী মুসলিম গোষ্ঠীগুলো পর্যটন দ্বীপ বালিতে আয়োজিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা বাতিলের দাবিতে বিক্ষোভ করে আসছে। এএফপি।