সিরিয়ায় ত্রাণ-সংকট নিয়ে নিরাপত্তা পরিষদের আলোচনা ব্যর্থ
এবার যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি বিদ্রোহীদের
সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বৃহস্পতিবার সে দেশের বিমানবাহিনীর আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে বিদ্রোহীরা। এদিকে দেশটির অভ্যন্তরে শরণার্থী শিবির স্থাপণে তুরস্কের অনুরোধ ও ত্রাণ-সংকট নিয়ে এ দিনই নিরাপত্তা পরিষদে এক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। তবে এই আলোচনা থেকে কোনো ফল বেরিয়ে আসেনি। ১৭ মাস ধরে চলা সহিংসতার অবসানে বিশ্বসম্প্রদায়ের প্রচেষ্টার অচলাবস্থাই কেবল এতে তুলে ধরা হয়। বিবিসি জানায়, আরবি ভাষার স্যাটেলাইট টেলিভিশন আল-আরাবিয়ার সম্প্রচার করা একটি অস্পষ্ট ভিডিও চিত্রে সিরীয় বিদ্রোহীদের দাবি করা ওই যুদ্ধবিমান ভূপাতিত করার দৃশ্য দেখানো হয়েছে। এতে ঘটনাস্থল থেকে ধোঁয়া বের হতে ও দুই ব্যক্তিকে প্যারাসুটের সাহায্যে মাটিতে নেমে আসতে দেখা যায়। এ সময় বিদ্রোহীরা ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিচ্ছিলেন। বিদ্রোহীদের দাবি ও ভিডিও চিত্রের বস্তুনিষ্ঠতা যাচাই করা সম্ভব হয়নি। তবে, বার্তা সংস্থা এএফপি ইদলিবের বিদ্রোহী সামরিক পরিষদের প্রধানের বরাত দিয়ে জানিয়েছে, বিমানটির দুই চালককে আটক করা হয়েছে।বিদ্রোহীদের কোন গোষ্ঠী এ হামলা চালিয়েছে তা স্পষ্ট না হলেও ভিডিওর ধারাভাষ্যকার তাদের সিরিয়ান মার্টায়ার্স ব্রিগেড এবং আল-আরাবিয়া টেলিভিশন ফ্রি সিরিয়ান আর্মির সদস্য বলে উল্লেখ করে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিদ্রোহীরা আরও একটি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার গানশিপ ভূপাতিত করার দাবি করেছে।যুদ্ধবিমান ভূপাতিত করার এ দাবির পাশাপাশি প্রেসিডেন্ট বাশার আল-আসাদবিরোধী সূত্রগুলো দাবি করেছে, বৃহস্পতিবার প্রদেশটিতে নিরাপত্তা বাহিনীর গোলাবর্ষণে আট শিশুসহ অন্তত ২০ জন নিহত হয়েছে। যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, ইদলিবের আবু আল-জহুর এলাকায় সেনারা ওই হত্যাকাণ্ড চালায়।এ ছাড়া আলেপ্পো শহরে খাবারের জন্য সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত লোকজনকে লক্ষ্য করে এ বাহিনীর বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এমন দুটি হামলায় ১৬ আগস্ট নিহত হন প্রায় ৬০ জন ও ২১ আগস্ট কমপক্ষে ২৩ জন। ইতিমধ্যে সিরিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যদের চিকিৎসায় ব্যবহূত দামেস্কের প্রধান হাসপাতালটির পরিচালক এএফপিকে বলেন, ‘প্রতিদিনই আমরা গড়ে ১৫ থেকে ২০ জন সেনা ও নিরাপত্তা বাহিনীর অন্য সদস্যদের মরদেহ গ্রহণ করেছি। চলতি বছর শুরু থেকে এ সংখ্যা আরও বেড়েছে।’ বিবিসি, এএফপি ও রয়টার্স।