থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রার সরকারের বিরুদ্ধে এবার বিক্ষোভ করেছেন কৃষকেরা। গতকাল বৃহস্পতিবার অর্থ মন্ত্রণালয়ের বাইরে ওই বিক্ষোভে অন্তত ২০০ কৃষক অংশ নেন।
২০১২ সালে সারা বিশ্বে ধান উৎপাদনকারী দেশের ১ নম্বরে ছিল থাইল্যান্ড। সরকারের একটি প্রকল্পের আওতায় বাজারের চেয়ে বেশি দরে চাল কেনার পর অনেক কৃষককে মূল্য পরিশোধ করা হয়নি। এর প্রতিবাদেই কৃষকেরা বিক্ষোভে নেমেছেন।
সুনান পুমপুয়াং নামের একজন কৃষক বলেন, ‘সরকারের সহায়তা পেতে বিক্ষোভ করছি। ইতিমধ্যে আমাদের অনেক ভোগান্তি পোহাতে হয়েছে। আমার হাতের কড়ি সব শেষ। তা না হলে, রাজপথে নেমে আসতাম না।’
ইংলাক সরকারকে উদ্দেশ করে সুনান বলেন, তারা যদি প্রকল্প ঠিকমতো চালাতে না পারে, তাহলে অন্য কাউকে দায়িত্ব দিক।
পুলিশ জানায়, কৃষকেরা ব্যাংককমুখী দুটি মহাসড়ক অবরুদ্ধ করে রেখেছেন।
তিন মাস ধরে ব্যাংককে বিক্ষোভ চলায় ওই প্রকল্পের কাজ ব্যাহত হয়েছে বলে সরকার দাবি করেছে। ইংলাক বলেছেন, গত ডিসেম্বরে পার্লামেন্ট ভেঙে দেওয়ায় প্রশাসনের ক্ষমতা সীমিত হয়ে পড়েছে। তবে সরকারবিরোধীদের অভিযোগ, এ সমস্যা আগেই সৃষ্টি হয়েছে।
গত রোববার বিতর্কিত নির্বাচন হলেও থাইল্যান্ডে রাজনৈতিক সংকট চলছেই। ইতিমধ্যে নির্বাচনের বৈধতা চ্যালেঞ্জ করে সাংবিধানিক আদালতে রিট করেছে বিরোধীরা। এ বিষয়ে নির্বাচন কমিশনের শীর্ষ কর্মকর্তারা গতকাল বৈঠক করেন। তবে এতে কোনো অগ্রগতি হয়নি। এএফপি ও রয়টার্স।