এবার শীর্ষ সামরিক কর্মকর্তার পদে কিম উনের নাম ঘোষণা
উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের শীর্ষ সামরিক কর্মকর্তার পদে দেশটির নতুন নেতা কিম জং-উনের নাম ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির সরকারি গণমাধ্যম এ খবর দিয়েছে। এর আগে বুধবার উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার (ডব্লিউপিকে) সম্মেলনে কিম জং-উনকে সেন্ট্রাল মিলিটারি কমিশনের ‘চেয়ারম্যান’ নির্বাচিত করা হয়। এই কমিশন দেশটির শক্তিশালী সেনাবাহিনীকে (সদস্য ১১ লাখ) নিয়ন্ত্রণ করে। ওয়ার্কার্স পার্টির ওই সম্মেলনেই দলের ‘ফার্স্ট সেক্রেটারি’ হিসেবে কিম জং-উনের নাম ঘোষণা করা হয়। এসব ‘উপাধি বা পদবি’ দেওয়ার মাধ্যমে কার্যত দলে এবং সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ-কাঠামোতে কিম জংয়ের কর্তৃত্ব পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করা হয়েছে।ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়াং মো-জিন বলেন, ‘এর অর্থ হচ্ছে উত্তর কোরিয়ার প্রয়াত নেতা কিম জং-ইলের কাছ থেকে দলের ক্ষমতা কার্যকরভাবে ছেলে উনের কাছে হস্তান্তর হয়েছে।’উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা কিম ইল সুংয়ের শততম জন্মবার্ষিকী উদ্যাপন করছে। কিম ইল-সুং দেশটির নতুন নেতা উনের পিতামহ। জাতীয় এ উৎসবে দেশটি বিতর্কিত রকেট উৎক্ষেপণের যাবতীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে। বৃহস্পতিবার থেকে সোমবারের মধ্যে যেকোনো একটি সময়ে রকেট উৎক্ষেপণের ঘোষণা দিয়েছে কোরীয় কর্তৃপক্ষ। তবে গতকাল রাত পর্যন্ত রকেটটি উৎক্ষেপণের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে উত্তর কোরিয়ার দলত্যাগী একজন শীর্ষ কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার বলেন, তাঁর সংগ্রহে প্রয়াত নেতা কিম জং-ইলের শেষ ইচ্ছাপত্র রয়েছে। এতে কিম জং তাঁর শেষ ইচ্ছা হিসেবে বলেছেন, উত্তর কোরিয়া ব্যাপক বিধ্বংসী অস্ত্রের উন্নয়নকাজ চালিয়ে যাবে। জাপানের সাপ্তাহিক ট্যাবলয়েড সুকান বুনশুন এ খবর প্রকাশ করেছে। ওই ট্যাবলয়েডে দাবি করা হয়েছে, দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ গবেষণা সংস্থা এন কে স্ট্র্যাটেজিক ইনফরমেশন সার্ভিস সেন্টারের (এনকেএসআইএস) প্রধান লি ইয়ন-কেওলের (৪৪) সংগ্রহে ওই ইচ্ছাপত্রটি রয়েছে। তিনি উত্তর কোরিয়ার শীর্ষ কর্মকর্তার খুব ঘনিষ্ঠ একজনের কাছ থেকে ইচ্ছাপত্রটি সংগ্রহ করেছেন বলে ট্যাবলয়েডের প্রতিবেদনে বলা হয়েছে। এএফপি।