মাত্র দুই লাইনের একটি বিল উত্থাপন করে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার ক্ষমতা চেয়েছিলেন প্রধানমন্ত্রী থেরেসা মে। তুমুল বিতর্কের জন্ম দেওয়া সেই বিলটি পার্লামেন্টে একাধিকবার হোঁচট খেলেও শেষ পর্যন্ত কোনো প্রকার সংশোধনী ছাড়াই চূড়ান্তভাবে পাস হয়ে গেল। এর ফলে ‘ব্রেক্সিট’ নামে সুপরিচিত এই বিচ্ছেদ হবে কি হবে না; সে বিতর্কের পালা চুকিয়ে শুরু হচ্ছে ইইউর সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক গুটিয়ে নেওয়ার পালা।
গত সোমবার রাতে এই বিল পাসের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী থেরেসা মের সরকার ব্রেক্সিট কার্যকরের নিরঙ্কুশ ক্ষমতা পেল। এর ফলে যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ প্রায় ৯ মাস আগে অনুষ্ঠিত গণভোটে ইইউ ত্যাগের পক্ষে যে রায় দিয়েছিল, তা কার্যকরে আর কোনো বাধা রইল না।
ব্রেক্সিট বিল নামে বেশি পরিচিত এ বিলের আনুষ্ঠানিক নাম ‘ইউরোপীয় ইউনিয়ন (উইথড্রয়াল) বিল’। গত ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইইউ ত্যাগের পক্ষে রায় দিলেও বেশির ভাগ এমপি ইইউতে থাকার পক্ষে ছিলেন।
হাউস অব কমন্সে বিনা বাধায় পার হওয়া বিলটি ৮ মার্চ হাউস অব লর্ডসে পাস হওয়ার কথা ছিল। কিন্তু যুক্তরাজ্যে বসবাসরত ইইউ নাগরিকদের স্থায়ী অবস্থানের নিশ্চয়তা এবং ব্রেক্সিট নিয়ে চূড়ান্ত সমঝোতার ওপর এমপিদের ভোটের দাবি যুক্ত করার দাবিতে বিলটি আটকে দেয় পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডস। ফলে সোমবার আবার ভোটের আয়োজন। এক দিনেই উভয় কক্ষে বিলটি নিয়ে ভোটাভুটির ব্যবস্থা করা হয়।
স্থানীয় সময় সোমবার রাত আটটার দিকে অনুষ্ঠিত ভোটে সংখ্যাগরিষ্ঠ এমপি উচ্চকক্ষ হাউস অব লর্ডসের চাওয়া সংশোধনী প্রস্তাব দুটি নাকচ করে দেন। বিলটি সঙ্গে সঙ্গে পাঠানো হয় অনির্বাচিত সদস্যদের দ্বারা গঠিত উচ্চকক্ষে। আগেই ধারণা ছিল, হাউস অব লর্ডস দ্বিতীয় দফা বিলটি আটকে দেওয়ার ‘সাহস দেখাবে না’। ওই রাতেই অনুষ্ঠিত ভোটাভুটিতে এর সংখ্যাগরিষ্ঠ সদস্য সংশোধনী প্রস্তাব দুটি প্রত্যাহার করে বিলটি পাসের পক্ষে ভোট দেন।
আগের দফা ভোটাভুটিতে সরকারি দলের উল্লেখযোগ্যসংখ্যক এমপি ও লর্ড বিলের বিপক্ষে ভোট দিলেও চূড়ান্ত পর্বের ভোটাভুটিতে তাঁরা ভোট দান থেকে বিরত থাকেন। হাউস অব লর্ডসের ৮০২ সদস্যের মধ্যে কেবল ৩৯২ জন ভোট দেন। গভীর রাত পর্যন্ত পার্লামেন্ট চলার নজির অনেক আছে যুক্তরাজ্যে। কিন্তু এমন দ্রুততায় আইন পাস করিয়ে নেওয়ার উদ্যোগ বিরল।
প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট আইন পাসের মুহূর্তটিকে গোটা জাতির জন্য ‘স্মরণীয়’ বলে উল্লেখ করেছেন। চলতি মাসের শেষ সপ্তাহের মধ্যে ব্রেক্সিট কার্যকরের প্রক্রিয়া শুরু করবেন বলে জানান তিনি।
বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেন, সংশোধনী প্রস্তাব দুটি পাস না হওয়া ‘হতাশাজনক’। তিনি বলেন, ব্রেক্সিট কার্যকর প্রক্রিয়ার প্রতিটি ধাপে তাঁরা সরকারকে জবাবদিহি করাবেন।
ব্রেক্সিটবিষয়ক মন্ত্রী ডেভিড ডেভিস বলেন, যুক্তরাজ্যে প্রায় ৩২ লাখ ইইউ দেশের নাগরিক বাস করছেন। একইভাবে ইইউভুক্ত অন্য দেশগুলোতে ১০ লাখের বেশি ব্রিটিশ নাগরিক অবস্থান করছেন। এসব নাগরিকের ভবিষ্যতের বিষয়টি অবশ্যই বিবেচনা করা হবে।