এবার সিউলে বৈঠকে বসছে দুই কোরিয়া
সরকারি উচ্চপর্যায়ের বৈঠকে বসার বিষয়ে সম্মত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। আগামীকাল বুধবার বা বৃহস্পতিবার সিউলে এই বৈঠক হবে। ২০০৭ সালের পর এই প্রথম এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। উভয় দেশের কর্মকর্তারা গতকাল সোমবার এ কথা জানিয়েছেন।
দুই দেশের সীমান্তবর্তী অসামরিকীকৃত গ্রাম পানমুনজমে উভয় পক্ষের মধ্যে এক বৈঠকের পর এই ঘোষণা এল। দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অমীমাংসিত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে গত রোববার ওই বৈঠক শুরু হয়। পরমাণু ও ক্ষেপণাস্ত্র পরীক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে কয়েক মাস ধরে দুই কোরিয়ার মধ্যে উত্তেজনার প্রেক্ষাপটে ওই বৈঠক হয়।
১৯৫০-৫৩ সালের কোরীয় যুদ্ধ অবসানের চুক্তি সই হয়েছিল এই পানমুনজম গ্রামে। সেখানেই রোববার বৈঠকে বসেন উভয় পক্ষের কর্মকর্তারা। বৈঠক চলে সারা রাত। এরপর সোমবার সকালে ঘোষণা আসে উভয় পক্ষের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠানের।
দক্ষিণ কোরিয়ার একত্রীকরণ-বিষয়ক মন্ত্রী রিয়ু কিহল-জে বলেন, বৈঠকের প্রধান প্রতিনিধি কোন পর্যায়ের হবেন এবং আলচ্যসূচি কী হবে, সে বিষয়ে উভয় পক্ষের মধ্যে সামান্য মতপার্থক্য দেখা দেওয়ার পর উভয় পক্ষ বৈঠকের ফলাফলের বিষয়ে পৃথক বিবৃতি ইস্যু করেছে।
উচ্চপর্যায়ের বৈঠকে মন্ত্রী কিহল-জে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলটিতে নেতৃত্ব দেবেন এবং তিনি উত্তর কোরিয়াকে তাঁর ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির ইউনাইটেড ফ্রন্ট ডিপার্টমেন্টের প্রধান কিম ইয়াং-গনকে পাঠাতে আহ্বান জানিয়েছেন। বিবিসি।