এবার সিরিয়াকে সতর্ক করল যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাসায়নিক অস্ত্রের ব্যবহার বিষয়ে যুক্তরাষ্ট্রের পর এবার সিরিয়াকে সতর্ক করল যুক্তরাজ্য। সরকারবিরোধী চলমান বিদ্রোহ দমনে সিরীয় কর্তৃপক্ষ যদি রাসায়নিক অস্ত্র মোতায়েন বা ব্যবহার করে, তাহলে সিরিয়া সংকট মোকাবিলায় নিজেদের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে পারে যুক্তরাজ্য। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে গত বুধবার টেলিফোন আলাপের পর সিরিয়ার প্রতি এ সতর্কবাণী উচ্চারণ করেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। সিরিয়া পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ক্যামেরন বুধবার ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদের সঙ্গেও কথা বলেছেন। সিরিয়ার সরকারবিরোধী জোটকে সমর্থন ও সহায়তার বিষয়ে ওই তিন নেতা কথা বলেছেন।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর পক্ষে ডাউনিং স্ট্রিটের একজন মুখপাত্র বলেন, সিরিয়ায় আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এ বিষয়টি নিয়েই মার্কিন প্রেসিডেন্ট ওবামা ও ফরাসি প্রেসিডেন্ট ওলাদের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, ডেভিড ক্যামেরন এবং ওবামা একমত হয়েছেন সিরীয় কর্তৃপক্ষের রাসায়নিক অস্ত্র ব্যবহার বা ব্যবহারের হুমকির বিষয়টি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। রাসায়নিক অস্ত্র ব্যবহারের আশঙ্কা দেখা দিলে উভয় দেশ সিরিয়া বিষয়ে তাদের নীতি পরিবর্তনে বাধ্য হতে পারে। তবে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমে দাবি করা হয়েছে, সিরিয়ায় সামরিক হস্তক্ষেপের জন্য মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাসায়নিক অস্ত্রের ব্যবহারের বিষয়টিকে অজুহাত হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছেন। গতকাল বৃহস্পতিবার সিরিয়ার রাজধানী দামেস্কে বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে যুদ্ধবিমান থেকে বোমা, মর্টার ও ট্যাংক হামলা চালিয়েছে সরকারি বাহিনী। সরকারবিরোধী সূত্রগুলো বলছে, চলতি মাসের মধ্যে বিদ্রোহীদের সম্ভাব্য অবস্থান লক্ষ্য করে এটি সরকারি বাহিনীর সবচেয়ে বড় ধরনের হামলা। সিরিয়ার একটি পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, গত বুধবার সিরিয়াজুড়ে সহিংসতায় ১৬৭ জন নিহত হয়েছে। নিহত ব্যক্তিদের মধ্যে ৭১ জনই বেসামরিক নাগরিক।এদিকে সিরিয়ার সহিংসতার জের ছড়িয়ে পড়েছে প্রতিবেশী দেশ লেবাননেও। সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের সমর্থক ও বিরোধীদের মধ্যে সশস্ত্র সংঘাত ছড়িয়ে পড়ছে লেবাননের বিভিন্ন এলাকায়। লেবাননের সুন্নি মুসলমানেরা সিরিয়ার সরকারবিরোধী আন্দোলনকে সমর্থন করছে। অন্যদিকে দেশটির শিয়া মুসলমানেরা প্রেসিডেন্ট আসাদের সমর্থক। বিবিসি, এএফপি।