মিসরে পার্লামেন্টের নিম্নকক্ষের নির্বাচনে দ্বিতীয় দফা ভোট গ্রহণ গতকাল বুধবার শুরু হয়েছে। প্রথম দফার ভোটে এগিয়ে থাকা ইসলামি দলগুলো এবারও ব্যাপক সাফল্যের আশা করছে।গতকাল স্থানীয় সময় সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়। শত শত মানুষ ভোট দিতে লাইনে দাঁড়ান। দ্বিতীয় দফায় প্রায় এক কোটি ৮৮ লাখ লোক ভোট দেবেন।দ্বিতীয় দফায় বৃহত্তর কায়রোর গির্জা, রাজধানীর দক্ষিণের বেনি সুইফ শহর, মেনুফিয়া, সারকিয়া ও বেহিরা প্রদেশ, ইসমাইলিয়া ও সুয়েজ শহর এবং দক্ষিণের সোহাগ ও আসাওয়ান নগরে ভোট গ্রহণ হচ্ছে।একটি কেন্দ্রে দেখা যায়, এক পুলিশ কর্মী কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা না চালাতে এবং নিজের পছন্দ-অপছন্দ প্রকাশ না করতে ভোটারদের সতর্ক করে দিচ্ছিলেন। তবে অনেকেই এ সতর্কতা না মেনে সাংবাদিকদের কাছে ব্যাখ্যা করেন, কেন তাঁরা মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক সংগঠন ফ্রিডম অ্যান্ড জাস্টিস পার্টিকে (এফজেপি) সমর্থন করছেন।এফজেপিকে ভোট দেওয়ার বিষয়ে আবদেল হালিম নামের একজন সরকারি চাকরিজীবী বলেন, ‘তাঁদের রাজনৈতিক অভিজ্ঞতা আছে এবং তাঁরা মধ্যপন্থী।’ এএফপি।