এবারও কারজাইয়ের মনোনীত অর্ধেকের বেশি প্রার্থী বাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের মন্ত্রিপরিষদ গঠনের লক্ষ্যে প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের দ্বিতীয় দফায় দেওয়া তালিকার অর্ধেকের বেশি প্রার্থীকে বাদ দিয়েছেন আইনপ্রণেতারা। এতে পুরো মন্ত্রিপরিষদ ছাড়া ২৮ জানুয়ারিতে অনুষ্ঠেয় লন্ডন সম্মেলনে কারজাইয়ের যোগদান নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। তবে কারজাইয়ের একজন মুখপাত্র বলেছেন, এ সপ্তাহে তৃতীয় দফায় তালিকা দেবেন কারজাই। খবর এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।গতকাল শনিবার দেশটির নিম্নকক্ষে অনুষ্ঠিত ভোটে পার্লামেন্টের সদস্যরা কারজাইয়ের মনোনীত ১৭ জন প্রার্থীর মধ্যে মাত্র সাতজনকে অনুমোদন করেন। বাতিল করেন অন্য ১০ জনের অনুমোদন। এর আগে প্রথম দফার ভোটে কারজাইয়ের মনোনীত ২৪ জনের তালিকা থেকে দুই-তৃতীয়াংশের বেশি অর্থাত্ ১৭ জন প্রার্থীকে বাতিল করেছিল পার্লামেন্ট।আফগান পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ ইউনুস কানুনি বলেন, পার্লামেন্টের নিম্নকক্ষের সদস্যরা কারজাইয়ের মনোনীত প্রার্থীদের ১৭ জনের মধ্যে ১০ জনের বিপক্ষে ভোট দিয়েছেন। দ্বিতীয়বারে নির্বাচিত আফগান সরকারের মন্ত্রিপরিষদের জন্য দ্বিতীয় দফায় সাতজনকে অনুমোদন দিয়েছেন তাঁরা।এর আগে ২ জানুয়ারি আইনপ্রণেতারা কারজাইয়ের পছন্দের ২৪ জনের মন্ত্রীর তালিকার মধ্যে ১৭ জনের বিপক্ষে ভোট দেন। পরে কারজাই নতুন ১৭ জনের দ্বিতীয় তালিকা দিলে গতকাল ওই তালিকার ওপর ভোটাভুটি হয়।দ্বিতীয় দফায় অনুমোদন পাওয়া মন্ত্রীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী পদে কারজাইয়ের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জালমাই রাসুল রয়েছেন। নারীবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আমিনা আফজালি।প্রথম দফার ভোটে প্রতিরক্ষা, কৃষি, স্বরাষ্ট্র, আর্থিক, শিক্ষা, সংস্কৃতি, খনিজ ও শিল্পমন্ত্রীর নাম অনুমোদন দেওয়া হয়। ইতিমধ্যে পশ্চিমারা ওই সাতজনের মনোনয়ন পছন্দ করেছেন। মন্ত্রিপরিষদে অনুমোদন পাওয়া ১৪ জন প্রার্থীর মধ্যে ১০ জনই এবার নতুন।এদিকে জ্বালানি ও পানিসম্পদবিষয়ক মন্ত্রী পদে কারজাই তালেবানবিরোধী গেরিলা নেতা ইসমাইল খানের নাম প্রস্তাব করলেও পার্লামেন্টে তা বাতিল করা হয়। এখনো ওই পদে কাউকে নিয়োগ দেওয়া হয়নি। কারজাইয়ের একজন মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট এ সপ্তাহে তাঁর মনোনীত তৃতীয় তালিকা দেবেন।একজন আইনপ্রণেতা বলেছেন, তিনি আশা করছেন, কারজাইয়ের মনোনীত বেশির ভাগ প্রার্থী পার্লামেন্টে অনুমোদন পাবে না। একজন সরকারি কর্মকর্তা বলেন, ভোটাভুটির সময় গ্রামীণ উন্নয়নমন্ত্রীর অনুমোদন নিয়ে অস্বস্তিতে পড়তে হয়। সংবিধান অনুযায়ী মন্ত্রিদের সর্বনিম্ন বয়স ৩৪ বছর কিন্তু গ্রামীণ উন্নয়নমন্ত্রী পদে মনোনীত প্রার্থীর বয়স ৩১ বছর।পূর্বাঞ্চলের গজনি প্রদেশের পার্লামেন্ট সদস্য দাউদ সুলতানজয় বলেন, ‘সংসদ অধিবেশনে অন্তত ২৫ জন সদস্য বসে মন্ত্রিপরিষদের ব্যাপারে আলোচনা করেছি। আমরা আশা করছি, আরও পাঁচ কিংবা ছয়জনের অনুমোদন দেখতে পাব।’ তিনি আরও বলেন, পার্লামেন্টে দুর্বলপ্রকল্প উপস্থাপন বা ব্যক্তিগত স্বার্থ উদ্ধারে পারদর্শী এমন প্রার্থীদের বাদ দেওয়া হয়েছে।কারও নাম প্রকাশ না করে সুলতানজয় বলেন, একটি বিষয় বেশ বিরক্তিকর ছিল, তা হচ্ছে কিছু ব্যক্তি সরকারের ভেতরে প্রভাব খাটানোর জন্য রাজনৈতিক পরিচয় নিয়ে এসেছিল।