এবারও চীনে ধরপাকড়, কোনো বিক্ষোভ-সমাবেশ হতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের রাজধানী বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে গণতন্ত্রপন্থী বিক্ষোভ দমনাভিযানের ২৩ বছর পূর্তি উপলক্ষে গতকাল সোমবার দেশটিতে কোনো ধরনের সভা-সমাবেশ করতে দেয়নি কর্তৃপক্ষ। দিবসটি স্মরণে গতকাল ওই স্কয়ারটিতে শত শত জনতা ও মানবাধিকারকর্মী সমবেত হওয়ার চেষ্টা করলে চীনা কর্তৃপক্ষ তাঁদের আটক করে।এদিকে, যুক্তরাষ্ট্র ২৩ বছর আগের সেই দিনটিতে গ্রেপ্তার করা বিক্ষোভকারীদের দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে। সে সঙ্গে ওই দিন হত্যা, আটক ও নিখোঁজ হওয়া মানুষের প্রকৃত সংখ্যা প্রকাশের জন্যও চীনের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ১৯৮৯ সালের ৪ জুন তিয়েনআনমেন স্কয়ারে বিক্ষোভকারীদের বিরুদ্ধে সেনা অভিযানে নিহত, বন্দী ও নিখোঁজদের প্রকৃত হিসাব প্রকাশের জন্য বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের এক বার্তায় গতকাল এ আহ্বান জানানো হয়েছে। দপ্তরের উপ-মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘আমরা আবারও বিশ্ব মানবাধিকারনীতি মেনে চীনকে তার নাগরিকদের অধিকার সংরক্ষণের আহ্বান জানাচ্ছি; আহ্বান জানাচ্ছি ওই দিন যাঁদের গ্রেপ্তার, বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করানো, জোর করে গৃহবন্দী রাখা এবং পরবর্তী সময়ে হয়রানি করা হয়েছে কিংবা এখনো হচ্ছে তাঁদের মুক্তি দিতে।’ গতকাল দিবসটি স্মরণে তিয়েনআনমেন স্কয়ারে শত শত জনতা সমবেত হওয়ার চেষ্টা করলে চীনা কর্তৃপক্ষ তাদের আটক করে। পরে তাঁদের নিজ নিজ এলাকায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে। দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় লিয়াওনিঙ্গ প্রদেশ থেকে আসা ঝুউ জিনজিয়া জানান, দিবসটি পালনে বাস ভর্তি করে মানুষ আসে। তাঁরা গত রোববার রাতে দক্ষিণ বেইজিং রেলস্টেশনে নামেন। এভাবে সারা দেশ থেকেই বেইজিংয়ের উদ্দেশে ৬০০ থেকে হাজার খানেক মানুষ এসেছিলেন। কিন্তু স্টেশন থেকেই তাঁদের নিজ নিজ শহরে ফেরত পাঠানো হয়। তিনি আরও জানান, এ ছাড়া যেসব মানুষ বেইজিংয়ে সরকারের কেন্দ্রীয় দপ্তরগুলোতে তাঁদের স্বজনদের অধিকার লঙ্ঘনের প্রতিকার চাইতে জড়ো হন, পুলিশ তাঁদেরও কোনো বিক্ষোভ করতে দেননি। চীন সরকার তিয়েনআনমেন স্কয়ারের ২৩ বছর আগের গণতন্ত্রপন্থী সেই বিক্ষোভকে প্রতিবিপ্লব হিসেবেই দেখে থাকে। এ অবস্থান থেকেই ওই দিনে বিক্ষোভকারীদের ওপর চালানো দমননীতিকে ব্যাখ্যা করে থাকে দেশটি। প্রতিবছরই দিবসটি স্মরণে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হলে তা প্রতিহত করা হয়। কেউ বিক্ষোভ বা সভা-সমাবেশে অংশ নিলে তাঁদের গ্রেপ্তার বা গৃহবন্দিত্ব বরণ করতে হয়। এই কঠোর নিরাপত্তাব্যবস্থার পরও প্রতিবছরই দিবসটি পালনে সারা দেশেই জনগণ নানা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করে থাকে। এএফপি, বিবিসি।