এবারও বিল গেটস যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস আবারও যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী ব্যক্তি নির্বাচিত হয়েছেন। ফোর্বস সাময়িকীর করা এই তালিকায় টানা ২০ বার শীর্ষ স্থানটি দখলে রাখলেন বিল গেটস। গত সোমবার ফোর্বস এই তালিকা প্রকাশ করে।
৫৭ বছর বয়সী বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ ৭২ বিলিয়ন মার্কিন ডলার। প্রকাশিত তালিকায় যুক্তরাষ্ট্রের শীর্ষ ৪০০ ধনীর নাম রয়েছে। প্রতিবছরই সাময়িকীটি এই তালিকা প্রকাশ করে থাকে।
তালিকায় দ্বিতীয় স্থানে ওয়ারেন বাফেট। গত বছর বাফেট এক বিলিয়ন মার্কিন ডলার দান করেন। কিন্তু তার পরও তাঁর ১২ দশমিক ৫ বিলিয়ন ডলার সম্পদ বেড়ে বর্তমানে ৫৮ দশমিক ৫ বিলিয়নে দাঁড়িয়েছে।
ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন ৪১ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে যুক্তরাষ্ট্রের তৃতীয় শীর্ষ ধনী নির্বাচিত হয়েছেন। সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার নির্বাচিত হয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ২৯ বছর বয়সী জাকারবার্গ তালিকায় ২০তম স্থানে রয়েছেন। তাঁর সম্পদের পরিমাণ ১৯ বিলিয়ন ডলার।
নিউইয়র্কের মেয়র মাইকেল ব্লুমবার্গ ৩১ বিলিয়ন ডলার সম্পদের মালিক। তালিকায় দশম স্থানে রয়েছেন তিনি। আর ১৩ দশমিক ৪ বিলিয়ন সম্পদ নিয়ে মিডিয়া মোগল রুপার্ট মারডক রয়েছেন ৩০তম স্থানে। মিডিয়া সেলিব্রিটি অপরাহ উইনফ্রে তালিকার ১৮৪তম স্থানে রয়েছেন। তাঁর সম্পদের পরিমাণ ২ দশমিক ৯ বিলিয়ন ডলার।
শীর্ষ ধনীর প্রত্যেকেই গড়ে ৫০০ কোটি ডলার সমপরিমাণ সম্পদের মালিক। রয়টার্স, এপি।