এবারও সাড়া দেয়নি সিরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পর্যবেক্ষকদের প্রবেশে রাজি হতে আরব লিগের বেঁধে দেওয়া নতুন সময়সীমা পার হলেও সিরিয়ার পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। কাতারের একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এ কথা জানান।দ্বন্দ্ব-সংঘর্ষে অস্থির সিরিয়ায় বিদেশি পর্যবেক্ষকদের অনুপ্রবেশের প্রস্তাবে রাজি হতে গতকাল রোববার পর্যন্ত সময় বেঁধে দেয় আরব লিগ। কাতারে আরব লিগের মন্ত্রী পর্যায়ের বৈঠক থেকে গত শনিবার সিরিয়াকে এ প্রস্তাব দেওয়া হয়।নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, সিরিয়া পর্যবেক্ষক পাঠানোর প্রস্তাবের নতুন ব্যাখ্যা চেয়েছে এবং এ বিষয়ের প্রটোকলটি সংশোধনের কথা বলেছে। কিন্তু আরব লিগের মন্ত্রীরা সেটা প্রত্যাখ্যান করেছেন।এর পরও সিরিয়ায় দমন-পীড়ন ও সংঘর্ষ অব্যাহত রয়েছে। গত শনি ও রোববার সংঘর্ষে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছে। এ নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল সিরিয়ার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার ভঙ্গের অভিযোগ তোলে।শনিবারের ওই বৈঠকের পর কাতারের প্রধানমন্ত্রী শেখ হামাদ বিন জসিম জাবর আল-থানি বলেন, ‘সিরিয়া সরকার এ প্রস্তাবে রাজি থাকলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়কে রোববার সই করতে দোহায় আসতে বলেছি। আমরা তাদের জবাবের অপেক্ষায় রয়েছি।’এর আগে গত সপ্তাহে আরব লিগ সিরিয়ার বিরুদ্ধে আরও একবার নিষেধাজ্ঞা আরোপের হুঁশিয়ারি দিয়েছিল। সেটাও উপেক্ষা করে দেশটি। ওই হুঁশিয়ারি উপেক্ষা করায় সিরিয়ার বিরুদ্ধে ইতিমধ্যে কিছু বিষয়ে নিষেধাজ্ঞা আরোপের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান আল-থানি।এ নিষেধাজ্ঞার মধ্যে অন্যান্য আরব দেশের সঙ্গে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের লেনদেন বন্ধ রাখা, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ১৯ কর্মকর্তার সম্পত্তি জব্দ করা ও অন্যান্য আরব দেশে তাঁদের ভ্রমণ নিষিদ্ধ করার মতো বিষয় রয়েছে।কয়েক মাস ধরে প্রেসিডেন্ট আসাদের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ চলছে সিরিয়ায়। এ সময় ব্যাপক দমন-পীড়ন ও সংঘর্ষের ফলে কয়েক হাজার লোক প্রাণ হারিয়েছে। জাতিসংঘ জানায়, দেশটিতে সংঘর্ষে চার হাজারের বেশি নিহত ও ১০ হাজারের বেশি লোক আটক হয়েছে। দেশ ছেড়ে পালিয়ে গেছে প্রায় সাড়ে ১২ হাজার লোক। এ নিয়ে জাতিসংঘ সিরিয়া সরকারের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে নিন্দা জানায় এবং সেখানে এই হত্যাযজ্ঞের বিষয়ে তদন্তের দাবি করে। এরই পরিপ্রেক্ষিতে আরব লিগও দেশটিকে এক দিনের এই আলটিমেটাম দেয়। এএফপি ও বিবিসি।