এবারের মিস ইউএসএ আলিসা
ক্যালিফোর্নিয়ার সুন্দরী আলিসা কামপানেলা এবার মিস ইউএসএ নির্বাচিত হয়েছেন। গত রোববার লাস ভেগাসে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামী ১২ সেপ্টেম্বর ব্রাজিলের সাও পাওলোয় অনুষ্ঠেয় মিস ইউনিভার্স প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি।লাস ভেগাসের নেভাদায় প্ল্যানেট হলিউড ক্যাসিনো রিসোর্টে আয়োজিত প্রতিযোগিতায় আলিসা বিতর্কিত বিভিন্ন বিষয়ে বিচারকদের প্রশ্নের জবাব দেন। গাঁজার ব্যবহার বৈধ করা উচিত কি না, এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ চিকিৎসাক্ষেত্রে যাদের প্রয়োজন, তাদের জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গাঁজার নিয়ন্ত্রিত ব্যবহার হতেই পারে। তবে এটা বৈধ করা উচিত কি না, সে সম্পর্কে আমি নিশ্চিত নই। দুর্ভাগ্যজনকভাবে গাঁজার অপব্যবহার ছড়িয়ে পড়েছে। আর এ কারণে গাঁজার ব্যবহার বৈধ করার কিছুটা বিরোধীও আমি।’২১ বছর বয়সী আলিসাকে মিস ইউএসএর মুকুট পরিয়ে দেন বর্তমান মিস ইউএসএ রিমা ফাকিহ। এএফপি।