এভাবে কি উড়োজাহাজ নিখোঁজ হতে পারে?
ছয় দিনেও খোঁজ মেলেনি মালয়েশিয়া এয়ারলাইনসের সেই উড়োজাহাজটির। রহস্যজনকভাবে নিখোঁজ উড়োজাহাজটি ঘিরে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সম্ভাব্য কিছু উত্তরও মিলেছে। তেমন কিছু প্রশ্ন ও উত্তর তুলে ধরা হলো

উড়োজাহাজটি কি নিখোঁজ থাকবে?
সম্ভবত। তবে নিশ্চিত নয়। মালয়েশিয়া কর্তৃপক্ষই কখনো কখনো এ নিয়ে বিভ্রান্তিকর ও পরস্পরবিরোধী তথ্য দিচ্ছে। একপর্যায়ে তারা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাহায্য কামনা করেছে।
কীভাবে একটি উড়োজাহাজ নিখোঁজ হয়?
এর সরল কোনো উত্তর নেই। এত বড় উড়োজাহাজ, রয়েছে প্রযুক্তির সম্মিলন। ইউএইচএফ ও ভিএইচএফ রেডিও ফ্রিকোয়েন্সি, স্বয়ংক্রিয় আলোক-সংকেত, জিপিএস ও কম্পিউটার যোগাযোগব্যবস্থা থাকলে কীভাবে উড়োজাহাজ নিখোঁজ হয়? এত সব প্রযুক্তিও উড়োজাহাজটির সন্ধানে কোনো কাজে আসছে না।
ছিনতাই বা সন্ত্রাসবাদের
সম্ভাবনা কতটুকু?
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) ও মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এসব আশঙ্কা উড়িয়ে দেয়নি। মালয়েশিয়া কর্তৃপক্ষও বিষয়টি উড়িয়ে দেয়নি। এ আশঙ্কার আগুনে ঘি ঢেলে দিয়েছে আরেকটি তথ্য। সেটি হলো, সম্ভবত উড়োজাহাজটি একটা সময় মালয়েশিয়ায় ফেরার চেষ্টা করেছিল।
চুরি যাওয়া পাসপোর্টের টিকিটে যাত্রী কারা?
ইতালি ও অস্ট্রিয়ার দুই ব্যক্তির চুরি যাওয়া পাসপোর্টে দুই যাত্রীর টিকিট কেনা হয়। থাইল্যান্ড থেকে ওই টিকিট নিশ্চিত করা হয়। ইন্টারপোল বলছে, ওই দুই টিকিটে বিমানে উঠেছিলেন ইরানের দুই নাগরিক সাইদ মোহাম্মদ রেজা ও পুরি নুর মোহাম্মদি। মালয়েশিয়ার গোয়েন্দারা বলছেন, ওই দুজনের বিরুদ্ধে সন্ত্রাসী কোনো গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ নেই।
বিমানের পাইলটেরা কি অভিজ্ঞ ছিলেন?
এক কথায় উত্তর হলো, অভিজ্ঞ ছিলেন। পাইলট ক্যাপ্টেন জাহারি আহমেদের (৫৩) ১৮ হাজার ৩৬৫ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। তিনি ১৯৮১ সালে মালয়েশিয়া এয়ারলাইনসে যোগ দেন। তাঁর সহকারী ফারিক আব হামিদের দুই হাজার ৭৬৩ ঘণ্টা বিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৭ সালে মালয়েশিয়া এয়ারলাইনসে যোগ দেন।
এমন ঘটনা বিশ্বে এটাই কি প্রথম?
এ ধরনের ঘটনা এটাই প্রথম নয়। বড় আকারের বাণিজ্যিক ফ্লাইটের মাঝপথে নিখোঁজ হওয়ার ঘটনা আগেও ঘটেছে। তবে এমন ঘটনা বিরল।
২০০৯ সালের জুনে ফ্রান্সের একটি উড়োজাহাজ ২২৮ জন আরোহী নিয়ে ব্রাজিল থেকে ফ্রান্স যাওয়ার পথে নিখোঁজ হয়। পাঁচ দিন পর উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার ও সব আরোহী মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়। দুই বছর পর আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে এই উড়োজাহাজটির ব্ল্যাকবক্স উদ্ধার হয়।
এ ছাড়া ১৯৮৮ সালে প্যানআম ১০৩, ১৯৯৬ সালে টিডব্লিউএ ৮০০ ও ১৯৯৯ সালে ইজিপ্টএয়ারের উড়োজাহাজ নিখোঁজ হয়েছিল। সিএএন।