এভারেস্ট জয় করতে চায় শিশু শেতেন শেরপা
নেপালি শিশু শেতেন শেরপার বয়স নয় বছর। এই বয়সেই সে হতে চায় বিশ্বের সর্বকনিষ্ঠ এভারেস্টজয়ী। আগামী এপ্রিলে ১০ বছরে পা দেবে শেতেন। তার বাবা পেম্বা দোরজে শেরপা বলেছেন, ওই মাসেই শেতেন এভারেস্টের পথে রওনা হবে। তবে নেপাল সরকার বলেছে, কম বয়সী হওয়ার কারণে তাকে এ অভিযানে যেতে দেওয়া হবে না।গত মে মাসে ১৩ বছর বয়সী মার্কিন বালক জর্ডান রোমেরো এভারেস্ট জয় করে সবচেয়ে কম বয়সী এভারেস্টজয়ী হিসেবে বিশ্ব রেকর্ড গড়ে। শেতেন শেরপা রোমেরোর সে রেকর্ড ভেঙে দেওয়ার লক্ষ্যে গত বুধবার প্রশিক্ষণের অংশ হিসেবে ছয় হাজার মিটার উচ্চতায় ওঠে। শেতেনের বাবা পেম্বা দোরজে নিজেও একজন বিশ্ব রেকর্ডধারী পর্বতারোহী। মাত্র আট ঘণ্টা ১০ মিনিটে এভারেস্টের চূড়ায় উঠে তিনি বিশ্বের দ্রুততম পর্বতারোহী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন।নেপালের আইন অনুযায়ী, পর্বতারোহীদের অবশ্যই ১৬ বছরের বেশি বয়স হতে হবে। এ কারণে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আইন ভঙ্গ করে শেতেনকে এভারেস্ট অভিযানে যেতে দেওয়া হবে না। তবে শেতেনের বাবা বলেছেন, তিনি আশা করছেন তাঁর ছেলে সবচেয়ে কম বয়সী হিসেবে হিমালয় জয় করবে। আগামী এপ্রিলে তিনি তাকে নিয়ে এভারেস্টের পথে রওনা হতে চান। তাঁর আশা, সরকার তাঁর সন্তানের হিমালয়ে আরোহণের অনুমোদনের ব্যাপারটি বিশেষভাবে বিবেচনা করবে। এএফপি।