এভারেস্ট থেকে নামার সময় চারজনের মৃত্যু
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট থেকে নেমে আসার সময় চারজন নিহত হয়েছেন। গতকাল সোমবার নেপালের পর্যটন কর্তৃপক্ষ চার পর্বতারোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি বছর এ নিয়ে ছয়জন এভারেস্ট আরোহণকারীর মৃত্যু হলো।নিহত পর্বতারোহীরা হলেন জার্মানির নাগরিক এবারহার্ড স্ক্যাফ (৬১), দক্ষিণ কোরিয়ার নাগরিক সং ওন-বিন (৪৪), চীনা নাগরিক হা ওয়েনি (৫৫) ও নেপালি বংশোদ্ভূত কানাডার নাগরিক শ্রিয়া শাহ।কাঠমান্ডুর এশিয়ান ট্রেকিং অ্যাডভেঞ্চার এজেন্সির কর্মকর্তা অং শেরিং শেরপা বলেন, গত রোববার এভারেস্টের চূড়ার কাছাকাছি দক্ষিণ দিকে জার্মান নাগরিক এবারহার্ডের মৃত্যু হয়েছে। আর দক্ষিণ কোরিয়ার সং ওন-বিন গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। এভারেস্টের চূড়ার কাছে ‘দ্য ব্যালকনি’ নামে একটি স্থানে রোববার তাঁর লাশ পাওয়া গেছে।নেপালের পর্যটন মন্ত্রণালয়ের কর্মকর্তা তিলক পান্ডে বলেন, গত রোববার নেপালি বংশোদ্ভূত কানাডার নাগরিক শ্রিয়া শাহও এভারেস্ট থেকে নামার সময় নিহত হয়েছেন।অং শেরিং শেরপা বলেন, এখনো একজন পর্বতারোহী ও তাঁর সঙ্গে থাকা নেপালের একজন গাইড নিখোঁজ রয়েছেন।গত এপ্রিলে তুষারপাত ও উচ্চতাজনিত দুর্বলতার কারণে নেপালের দুজন পর্বতারোহী শেরপা নিহত হন। এএফপি।