এভারেস্ট বিজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবচেয়ে কম বয়সী পবর্তারোহী সর্বকনিষ্ঠ এভারেস্ট বিজয়ী হিসেবে রেকর্ড গড়েছে যুক্তরাষ্ট্রের ১৩ বছর বয়সী কিশোর জর্ডান রোমেরো। গতকাল ভোরে সাগরপৃষ্ঠ থেকে ২৯ হাজার ৩৫ ফুট (আট হাজার ৮৫০ মিটার) উঁচু বিশ্বের এই সর্বোচ্চ পর্বতচূড়ায় আরোহণ করে সে। তাঁর সঙ্গে বাবা পল রোমেরো, বাবার বান্ধবী কারেন লান্ডগ্রেন ও তিনজন শেরপা গাইড এভারেস্টের চূড়ায় পৌঁছান। এর আগে ২০০১ সালে নেপালের তেমবা শেরি শেরপা ১৬ বছর বয়সে এভারেস্ট জয় করে সর্বকনিষ্ঠ হিসেবে রেকর্ড গড়ে।যে সময়ে দলটির এভারেস্টের চূড়ায় পৌঁছানোর কথা ছিল, এর কয়েক ঘণ্টা আগেই তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায়। এভারেস্টের চূড়ায় পা দিয়েই স্যাটেলাইট টেলিফোনে যুক্তরাষ্ট্রে অবস্থানরত মা লি অ্যান ড্রেকের সঙ্গে যোগাযোগ করে জর্ডান। আবেগভরা কণ্ঠে বলে, ‘এই যে মা, বিশ্বের সর্বোচ্চ স্থান থেকে তোমার সঙ্গে কথা বলছি।’ছেলের কথা শুনে আনন্দে কেঁদে ফেলেন মা। তিনি বলেন, ‘আমি তোকে খুব ভালোবাসি রে, বাবা। এবার ভালোয় ভালোয় বাড়ি ফিরে আয়।’এর আগে এভারেস্ট অভিযানের ব্যাপারে অনুভূতি প্রকাশ করতে গিয়ে জর্ডান রোমেরো বলে, বিশ্বের সর্বোচ্চ স্থানে গিয়ে দাঁড়ানো তার জীবনের সবচেয়ে বড় লক্ষ্য।ক্যালিফোর্নিয়ার বিগ বিয়ারে জর্ডানদের বাড়ি। এভারেস্ট বিজয়ে তারা চীনা অংশ থেকে অভিযান শুরু করে। চীনে পর্বতারোহীদের বয়সের ব্যাপারে কোনো বাধ্যবাধকতা নেই। এ জন্য জর্ডান কোনো বাধার মুখে পড়েনি। গত এপ্রিলে হিমালয়ের পর্বতারোহী হিসেবে চীনে নাম নিবন্ধন করে জর্ডান।জর্ডানের লক্ষ্য বিশ্বের সাত মহাদেশেরই সর্বোচ্চ পর্বতচূড়াগুলো জয় করা। এর মধ্যে এভারেস্টসহ ছয়টি মহাদেশের সর্বোচ্চ পর্বতচূড়া জয় করেছে সে। ২০০৬ সালে মাত্র নয় বছর বয়সে সর্বকনিষ্ঠ মার্কিন নাগরিক হিসেবে সে আফ্রিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট কিলিমানজারো জয় করে। ২০০৭ সালে অস্ট্রেলিয়ার কোশিউসকো, ইউরোপের এলব্রাস ও দক্ষিণ আমেরিকার অ্যাকনকাগুয়ার চূড়ায় ওঠে সে। ২০০৮ সালে উত্তর আমেরিকার ডিনালি ও ২০০৯ সালে ওশেনিয়ার কার্সটেন্জ পিরামিডের চূড়ায় আরোহণ করে জর্ডান। এখন বাকি শুধু এন্টার্কটিকার ভিনসন ম্যাসিফ জয় করা। ডিসেম্বরে এই অভিযানে যাবে সে।একে একে ২০ বারএভারেস্ট বিজয়ের ইতিহাসে গোড়া থেকেই হিমালয়ের কোলে বাস করা শেরপারা বিশেষ স্থান দখল করে আছে। এর মধ্যে একটি নাম হচ্ছে আপা শেরপা। ৫০ বছর বয়সেও এভারেস্টকে পদানত করার ক্ষমতা রাখেন তিনি। গত শনিবার সকালে ২০তমবার এভারেস্ট চূড়ায় আরোহণ করে আবা নিজের গড়া রেকর্ড নতুন করে ভাঙেন।গতকাল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে নেপালের পর্যটন মন্ত্রণালয়ের মুখপাত্র লক্ষ্মণ ভট্টরাই বলেন, আজ (শনিবার) আপা এভারেস্টের চূড়ায় পৌঁছেছেন। তাঁর স্বাস্থ্য ভালো আছে। আধা ঘণ্টার মতো চূড়ায় থেকে তিনি আবার ফিরে আসতে শুরু করেছেন। ‘সুপার শেরপা’ বলে পরিচিত আপা ১৯৯০ সালে প্রথম অভিযানে যান। তিনি তাঁর ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে বলেন, ‘এই নিয়ে ২০ বার এভারেস্টের শীর্ষে আরোহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আমার এই আরোহণের অন্যতম লক্ষ্য হচ্ছে হিমালয়ে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের ব্যাপারে সবার মনোযোগ আকর্ষণ করা।’ এবার অভিযানে যাওয়ার আগে সর্বপ্রথম এভারেস্ট বিজয়ী স্যার এডমন্ড হিলারির কিছু দেহভস্ম নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয় আপাকে। এতে তিনি নিজেকে সম্মানিত বোধ করেন। কিন্তু বৌদ্ধ ধর্মযাজকেরা বিশ্বের সর্বোচ্চ স্থানে মানবভস্ম ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত ভালো বলে মনে করেননি। ফলে ওই পরিকল্পনা বাতিল করা হয়।সর্বকনিষ্ঠ ভারতীয়এভারেস্ট বিজয়ী ভারতীয়দের তালিকায় সর্বকনিষ্ঠ হিসেবে স্থান করে নিয়েছে দিল্লির রাইয়ান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র অর্জুন বাজপেয়ি। আগামী মাসে ১৭ বছরে পা দেবে সে। শুক্রবার স্থানীয় সময় রাত পৌনে ১১টায় এভারেস্টের শেষ অংশটুকু আরোহণের জন্য রওনা হয় সে। গতকাল ভোর ছয়টা ১৮ মিনিটে চূড়ায় পৌঁছায়।অর্জুনের মা প্রিয়া বাজপেয়ি বলেন, ভোরে একটি টেলিফোন কলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। তারপর যখন ফোনটি আসে, আনন্দে আটখানা হয়ে যাই। একই সঙ্গে হাসতে ও কাঁদতে শুরু করি। এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না।এভারেস্টের ওই দুর্গম অংশটুকু আরোহণের সময় অর্জুন অবিচল ছিল। তার মধ্যে আত্মবিশ্বাসের ছাপ ছিল বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান। এর আগে টেলিফোনে অর্জুন মাকে বলে, ‘ভেবো না মা, আমি ভালো আছি। আরে, আমি তো এক দৌড়ে চূড়ায় যেতে পারব।’১২ সদস্যের ভারতীয় অভিযাত্রী দলের হয়ে অর্জুন এভারেস্ট জয় করে। এভারেস্ট অভিযানে এ পর্যন্ত এটাই সবচেয়ে বড় ভারতীয় দল। এএফপি, টাইমস অব ইন্ডিয়া অনলাইন।