এভারেস্টে উঠে নিজের গড়া রেকর্ড ভাঙলেন ওয়াতানাবে
সবচেয়ে বয়স্ক নারী হিসেবে এভারেস্টের চূড়ায় ওঠার নিজের গড়া রেকর্ড ভেঙেছেন তামায়ে ওয়াতানাবে নামে ৭৩ বছর বয়সী এক জাপানি নারী। গতকাল শনিবার তিনি আবারও এভারেস্টের চূড়া জয় করেছেন। এর আগে ২০০২ সালে ওয়াতানাবে বিশ্বের সর্বোচ্চ এই চূড়ায় ওঠেন। তখন তাঁর বয়স ছিল ৬৩ বছর। চায়না-তিব্বত মাউন্টেনিয়ারিং অ্যাসোসিয়েশন ফর নেপালের সাধারণ বিক্রয় প্রতিনিধি ও এশিয়ান ট্রেকিংয়ের চেয়ারম্যান অ্যাং শেরিং শেরপা জানান, গতকাল সকাল সাতটার দিকে ওয়াতানাবে এভারেস্টের উত্তর পাশ দিয়ে এর আট হাজার ৮৪৮ মিটার উঁচু শীর্ষ চূড়ায় ওঠেন। গত শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তিনজন শেরপা ও অপর এক জাপানিকে সঙ্গে নিয়ে ওয়াতানাবে শীর্ষ চূড়ার উদ্দেশে এভারেস্টের আট হাজার ৩০০ মিটার ওপরের বেসক্যাম্প ত্যাগ করেন। ওয়াতানাবের দুর্গম এভারেস্ট যাত্রার আয়োজন করেন অ্যাং শেরিং শেরপা।এভারেস্টে ওঠা বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ পর্বতারোহী নেপালের মিন বাহাদুর শেরচান। ২০০৮ সালে ৭৬ বছর বয়সে তিনি এভারেস্টের চূড়ায় ওঠেন। আর এভারেস্টে চড়া বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ কিশোর যুক্তরাষ্ট্রের জর্ডান রোমেরো। সে ২০১০ সালে মাত্র ১৩ বছর বয়সে এভারেস্ট জয় করে। টাইমস অব ইন্ডিয়া।