এভারেস্টে ম্যারাথন
বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের বেসক্যাম্পের কাছ থেকে গতকাল মঙ্গলবার ম্যারাথন দৌড়ে অংশ নিয়েছেন দেড় শতাধিক প্রতিযোগী। আয়োজকদের দাবি, এটাই সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় অনুষ্ঠিত ম্যারাথন দৌড়।‘দ্য তেনজিং-হিলারি এভারেস্ট ম্যারাথন’ শীর্ষক এই ম্যারাথন প্রথম এভারেস্ট জয়ের বার্ষিকী উপলক্ষে প্রতিবছরই আয়োজন করা হয়। ১৯৫৩ সালের ২৯ মে স্যার এডমন্ড হিলারি ও শেরপা তেনজিং নোরগে সর্বপ্রথম আট হাজার ৮৪৮ মিটার উচ্চতার এভারেস্ট জয় করেন। এবার ছিল এই ম্যারাথনের দশম আসর। সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ হাজার ৩৫৬ মিটার উঁচুতে এভারেস্ট বেসক্যাম্পের কাছে গোরাক শেপ থেকে গতকাল সকাল সাতটায় ম্যারাথন শুরু হয়। শেষ হয় এর প্রায় দুই হাজার ফুট নিচে অবস্থিত নামাসে বাজার এলাকায়। প্রতিযোগিতায় অংশ নেন ৬২ নেপালি ও ৯৩ জন বিদেশি নাগরিক। প্রতিযোগিতায় বিজয়ী হন নেপালি নাগরিক ফুর্বা তামাং। এএফপি।