এভারেস্টের উচ্চতা নিয়ে চীন-নেপাল বিতর্কের অবসান
মাউন্ট এভারেস্টের উচ্চতা নিয়ে চীন ও নেপালের মধ্যকার মতবিরোধ নিয়ে একটি সমাধানে পৌঁছেছে দুই পক্ষ। অনেক বছর ধরে বিশ্বের সবচেয়ে উঁচু পর্বতটির উচ্চতা নিয়ে ভিন্নমত পোষণ করছিল দেশ দুটো। নেপালের হিসাবে এভারেস্টের উচ্চতা আট হাজার ৮৪৮ মিটার। অন্যদিকে চীনের হিসাবে এই উচ্চতা আট হাজার ৮৪৪ দশমিক ৪৩ মিটার, যা নেপালের হিসাবের চেয়ে প্রায় চার মিটার কম।কর্মকর্তারা জানিয়েছেন, চলতি সপ্তাহে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এ নিয়ে আলোচনায় দুই প্রতিবেশী রাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছেছে। লি কুইনগিউয়ানের নেতৃত্বে চীনা প্রতিনিধিদল নেপালের হিসাব মেনে নিয়েছে এই বলে যে ওই উচ্চতা এভারেস্টের চূড়ায় জমে থাকা বরফসহ হিসাব করা হয়েছে। অন্যদিকে নেপালও চীনের হিসাব মেনে নিয়েছে। তারা বলেছে, চূড়ায় জমে থাকা বরফের নিচে পর্বতের পাথুরে শীর্ষদেশ পর্যন্ত দৈর্ঘ্য হিসাব করেছে বেইজিং।১৯৫৩ সালে প্রথম শেরপা তেনজিং নোরগে ও এডমুন্ড হিলারি এভারেস্টের শীর্ষে পৌঁছান। ১৯৫৫ সালে একটি ভারতীয় জরিপে প্রথম এভারেস্টের উচ্চতা আট হাজার ৮৪৮ মিটার হিসাব করা হয়। এএফপি।