এভারেস্টের উচ্চতা নিয়ে বিতর্ক নিরসনে সহায়তা চায় নেপাল
এভারেস্ট শৃঙ্গের উচ্চতা নিয়ে দীর্ঘদিনের বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তিতে আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে নেপাল। নেপালের জরিপ বিভাগের মহাপরিচালক কৃষ্ণ রাজ বিসি গতকাল বুধবার এ তথ্য জানান। পৃথিবীর সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ নেপাল ও চীনের সীমানায় অবস্থিত। ১৯৫৪ সালে ভারতের পরিচালিত এক জরিপের হিসাব অনুযায়ী, এভারেস্টের উচ্চতা আট হাজার ৮৪৮ মিটার (২৯ হাজার ২৯ ফুট)। তবে সম্প্রতি পরিচালিত আরও কয়েকটি জরিপের হিসাব অনুযায়ী উচ্চতায় কিছুটা তারতম্য লক্ষ করা যায়।চীনের পরিমাপ অনুসারে হিমালয়ের এই সর্বোচ্চ চূড়ার উচ্চতা ভারতের হিসাবের চেয়ে চার মিটার কম। চীন পর্বতশৃঙ্গের শীর্ষভাগের তুষারাবৃত অংশ বাদ দিয়ে পরিমাপ চালিয়েছিল। ১৯৯৯ সালে গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি দল পরিচালিত জরিপে বলা হয়, এভারেস্টের উচ্চতা আট হাজার ৮৫০ মিটার। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল জিওগ্রাফিক সোসাইটি এ উচ্চতাকেই স্বীকৃতি দিয়েছে। নেপালের জরিপ দপ্তর বলেছে, উচ্চতা নিয়ে বিতর্কের চূড়ান্ত নিষ্পত্তির জন্য তারা আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর পাশাপাশি বৈজ্ঞানিক সমাজের কাছে অর্থ ও বিশেষজ্ঞ পর্যায়ে সহায়তা চাইছে। জরিপ দপ্তরের মহাপরিচালক বলেন, ‘হিমালয়ের উচ্চতা নির্ণয়ে তিন বছর ধরে চলা নেপাল সরকারের একটি প্রকল্পের অংশ এটি। কিন্তু এভারেস্টের উচ্চতা পরিমাপে আমাদের প্রয়োজনীয় বিশেষজ্ঞ কিংবা অর্থ কোনোটিই নেই।’মহাপরিচালক আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে সমুদ্রসীমা থেকে হিমালয়ের বেইস ক্যাম্প পর্যন্ত পরিমাপ করেছি। কিন্তু পরিমাপের কঠিন অংশটিই সেখান থেকে ওপরের দিকে। বৈজ্ঞানিকভাবে কীভাবে উচ্চতা পরিমাপ করতে হয়, সে বিষয়ে শেরপাদের প্রশিক্ষণ দেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে আমাদের জিপিএস প্রযুক্তির সরঞ্জামাদির প্রয়োজনীয়তার কথা বলা যায়।’ মহাপরিচালক কৃষ্ণ রাজ জানান, হিমালয় নিয়ে গবেষণারত ইতালির বিজ্ঞানীরা তাদের সহায়তার আগ্রহ দেখিয়েছেন। শেরপা তেনজিং নরগে ও এডমান্ড হিলারির এভারেস্ট জয়ের প্রায় ১০০ বছর আগে ১৮৫৬ সালে প্রথম এর উচ্চতা পরিমাপ করা হয়েছিল। এএফপি, বিবিসি।