এমপি সহ পাকিস্তানে ১৫০ জনকে হত্যার হুমকি
পাকিস্তানের পার্লামেন্ট, প্রাদেশিক পরিষদ ও সিনেটের অন্তত ১৫০ সদস্যের পদত্যাগ চেয়ে অজ্ঞাতনামা ব্যক্তিরা খুদেবার্তা পাঠিয়েছে। এতে পদত্যাগ না করলে তাঁদের হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে। গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক সাংবাদিকদের এ তথ্য জানান।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রীয় তদন্ত সংস্থার সাইবার অপরাধবিষয়ক শাখার তথ্যের ভিত্তিতে হত্যার হুমকি দিয়ে খুদেবার্তা (এসএমএস) পাঠানোর এসব ঘটনায় জড়িত সন্দেহে সিন্ধু প্রদেশের লারকানা এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে।নাম প্রকাশ না করার শর্তে দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের একজন পার্লামেন্ট সদস্য বলেন, তাঁকে নিয়মিত খুদেবার্তা পাঠিয়ে ও অন্যান্য উপায়ে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছিল। সরকার এ ধরনের হুমকিদাতাদের মোকাবিলায় সোচ্চার। এর আগে এ ধরনের বার্তা পাঠানোর ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। তবে এসব বার্তা পাঠানোর দায়িত্ব কেউ স্বীকার করেনি।তালেবান ও আল-কায়েদা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করছে ইসলামাবাদ। গত চার বছরে পাকিস্তানে জঙ্গি হামলায় বেশ কয়েকজন রাজনীতিবিদসহ কয়েক হাজার মানুষ নিহত হয়েছে। এএফপি।