এমপি সুমাইরার বরখাস্তের খবরে সমর্থকের মৃত্যু

সনদ জালিয়াতির ঘটনায় পাকিস্তানের পার্লামেন্ট সদস্য সুমাইরা মালিককে আজীবনের জন্য সরকারি পদে অযোগ্য ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট। এ খবর শুনেই অচেতন হয়ে পড়েন তাঁর এক সমর্থক। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
সুমাইরা মালিক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ক্ষমতাসীন দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) এমপি ছিলেন। এর আগে ২০০৮ সালে তিনি পাকিস্তান মুসলিম লিগ-কায়েদ-এর (পিএমএল-কিউ) টিকিটে একটি আসনে নির্বাচন করে জয়ী হন। তখন নিয়ম ছিল, বিএ পাস ছাড়া কেউ পার্লামেন্ট নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। সুমাইরার কাছে পরাজিত হওয়া প্রার্থী মালিক উমর আসলাম আবান আদালতে তাঁর জয়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ করেন। তিনি পিটিশনে উল্লেখ করেন, মালিক ১৯৮১ সালে মাধ্যমিক পরীক্ষায় পাস করেন এবং নির্বাচনে অযোগ্য হওয়া এড়াতে তিনি বিএ পাসের একটি ভুয়া ডিগ্রি জোগাড় করেন।
পাকিস্তানের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ইফতেখার মুহাম্মদ চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের একটি বেঞ্চ সোমবার মামলাটির রায় দেন। রায়ে সুমাইরাকে জয়ী ঘোষণা করে ২০০৮ সালের মার্চ মাসে যে প্রজ্ঞাপন জারি হয়েছিল, তা বাতিল করা হয়। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে নির্দেশনা দেন দেশের সর্বোচ্চ আদালত।
প্রসঙ্গত, সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফ ২০০২ সালে একটি আইন জারি করে ডিগ্রি পাসের নিচে কাউকে প্রার্থী হওয়া বন্ধ করেন। তবে ওই আইন সংবিধানের ১৮তম সংশোধনীতে বাতিল হয়েছে।
এদিকে সুমাইরাকে বরখাস্ত করার খবর শুনে আদালতের ভেতরেই অচেতন হয়ে পড়েন তাঁর সমর্থক মোহাম্মদ রিয়াজ। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ডন ও পাকিস্তান টুডে।