ব্রেক্সিট নিয়ে পরিকল্পনা প্রকাশ করল যুক্তরাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মের সরকার গতকাল বৃহস্পতিবার ব্রেক্সিট নিয়ে তাদের পরিকল্পনা বা ‘শ্বেতপত্র’ প্রকাশ করেছে। এর আগের দিনই পার্লামেন্টে সরকারের এ-সংক্রান্ত বিলটি প্রথম দফা ভোটে জয়ী হয়। এ বিলটি আইনে পরিণত হলে তা থেরেসা মেকে পরিকল্পনামতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জোট থেকে যুক্তরাজ্যকে বের করে নেওয়ার (ব্রেক্সিট) ক্ষমতা দেবে।

শ্বেতপত্রে দেওয়া সরকারের পরিকল্পনায় বলা হয়েছে, যুক্তরাজ্য ইইউ ত্যাগ এবং নতুন অভিবাসন ও শুল্ক আইন পাসের পর বাণিজ্যবিরোধ নিরসনের জন্য একটি নতুন ব্যবস্থা চালু করবে। এ ‘নীলনকশা’য় গত মাসের ঐতিহাসিক ভাষণে থেরেসা মের উল্লেখ করা আলোচনার ১২টি লক্ষ্য লিখিতভাবে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, যুক্তরাজ্য ইইউ থেকে অভিবাসন নিয়ন্ত্রণের জন্য একক বাজার থেকে বেরিয়ে যাবে।

এর আগে বুধবারই ইইউ থেকে বেরিয়ে যাওয়ার লক্ষ্যে পার্লামেন্টে তোলা সরকারের বিল প্রথম ভোটে বড় ধরনের জয় পায়। পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে প্রথম দফা ভোটাভুটিতে ৩৮৪ ভোটের ব্যবধানে পাস হয়েছে বিলটি।

ব্রেক্সিট বিল নামে বেশি পরিচিত হলেও এর আনুষ্ঠানিক নাম ‘ইউরোপীয় ইউনিয়ন (উইথড্রয়াল নোটিফিকেশন) বিল’। এই বিলের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার প্রক্রিয়া শুরু করতে এমপিদের অনুমোদন চাইছে সরকার। সর্বোচ্চ আদালত কয়েক দিন আগেই এটি অবশ্যকরণীয় বলে রায় দেন।

বিলটির পক্ষে ভোট দেন মোট ৪৯৮ জন এমপি। সরকারি দল কনজারভেটিভ পার্টি ও বিরোধী দল লেবার পার্টি এই বিলের পক্ষে ভোট দিতে এমপিদের প্রতি নির্দেশ (হুইপ) জারি করেছিল। সে নির্দেশ অমান্য করে লেবার পার্টির ৪৭ জন এমপি বিপক্ষে ভোট দেন। আর ১১ জন ভোটদান থেকে বিরত থাকেন। কনজারভেটিভ পার্টির ৬ জন ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির ২ জন ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

প্রথম দফায় উতরে গেলেও ব্রেক্সিট বিল আইনে পরিণত হওয়ার এখনো কয়েক ধাপ বাকি। ব্রেক্সিট কার্যকরের যে রূপরেখা থেরেসা মের সরকার ঘোষণা করেছে, তার সঙ্গে বেশির ভাগ এমপির তীব্র মতবিরোধ রয়েছে।

২০১৬ সালের ২৩ জুন অনুষ্ঠিত গণভোটে যুক্তরাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইইউ ত্যাগের পক্ষে রায় দেন। জনরায় মেনে নিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করলে থেরেসা মে প্রধানমন্ত্রী হন।