এমিরেটসের বিমানে আগুন, বেঁচে গেলেন ৩০০ আরোহী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার এমিরেটস এয়ারলাইনসের একটি যাত্রীবাহী বিমান জরুরি অবতরণ করার পর এতে আগুন ধরে যায়। দৃশ্যত সময়মতো চাকা না খোলায় বিমানটি ‘বেলি ল্যান্ডিং’ করতে বাধ্য হয়। পুরো উড়োজাহাজটির বেশির ভাগ আগুনে পুড়ে গেলেও ৩০০ আরোহীর সবাই প্রাণে বেঁচেছেন। তবে পরে আগুন নেভাতে গিয়ে মারা গেছেন একজন অগ্নিনির্বাপণকর্মী।
বিমানটি দুর্ঘটনার কোনো সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিমান চলাচলবিষয়ক একটি ওয়েবসাইট জানিয়েছে, বিমানটি অবতরণের সময় আকস্মিকভাবে সেখানে বাতাসের গতি ও চাপের পরিবর্তন ঘটেছিল। দুর্ঘটনার কারণে বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরটিতে চার ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়।
এমিরেটস এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, ইকে ৫২১ ফ্লাইট নম্বরের বোয়িং ৭৭৭ বিমানটি ভারতের কেরালার তিরুবনন্তপুরম থেকে দুবাই আসছিল। অবতরণের পর আগুন ধরলে জরুরি সিঁড়ি দিয়ে আরোহীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে অবতরণকালে বিমানটির মাঝখান থেকে ঘন ধোঁয়া বের হতে দেখা যায়।
আমিরাতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পরিচালক সাইফ আল-সুয়াইদি এক বিবৃতিতে বলেন, আরোহীদের উদ্ধারকালে একজন অগ্নিনির্বাপণকর্মী মারা গেছেন। এমিরেটস এয়ারলাইনসের চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাঈদ আল-মাকতুম বলেন, দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।
এমিরেটসের নিরাপত্তার রেকর্ড বেশ ভালো। গত শতকের আশির দশকে চালু হওয়ার পর থেকে এ বিমান সংস্থাটির কোনো উড়োজাহাজ দুর্ঘটনায় পুড়ে গিয়ে সম্পূর্ণ অচল হওয়ার ঘটনা এটাই প্রথম।
গত ২৬ জুলাই এমিরেটসের একটি বিমান মালদ্বীপে যাওয়ার পথে কারিগরি ত্রুটির কারণে ভারতের মুম্বাইয়ে জরুরি অবতরণ করে।