এমিরেটসের যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটে ল্যাপটপ নেওয়া যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রগামী এমিরেটস এয়ারলাইনসের উড়োজাহাজের কেবিনে ল্যাপটপ বহনের ওপর নিষেধাজ্ঞা থাকছে না বলে জানিয়েছে এয়ারলাইনসটি। আজ বুধবার বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্র গত মার্চে জর্ডান, মিসর, তুরস্ক, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সোমালিয়াসহ আটটি মুসলিমপ্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটের কেবিনের ভেতর ল্যাপটপ, ট্যাবসহ অন্যান্য ইলেকট্রনিকস যন্ত্রপাতি বহনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অবশ্য ল্যাপটপসহ অন্যান্য যন্ত্রপাতি উড়োজাহাজের মূল লাগেজে নেওয়া যেত। উগ্রবাদীরা ইলেকট্রনিক যন্ত্রপাতির ভেতরে বোমা বহন করে যাত্রীবাহী উড়োজাহাজকে টার্গেট করবে এমন আশঙ্কায় এ নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্রের পদক্ষেপের কয়েক ঘণ্টার মধ্যেই যুক্তরাজ্যও নিষেধাজ্ঞা ঘোষণা করে।

নিষেধাজ্ঞার আওতায় পড়েছিল নয়টি বিমান সংস্থার ফ্লাইট। এগুলো হলো রয়াল জর্ডানিয়ান, ইজিপ্ট এয়ার, টার্কিশ এয়ারলাইনস, সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস, কুয়েত এয়ারওয়েজ, রয়্যাল এয়ার মারোক, কাতার এয়ারওয়েজ, এমিরেটস ও ইত্তেহাদ এয়ারওয়েজ। মধ্যপ্রাচ্য, তুরস্ক ও উত্তর আফ্রিকার এসব দেশ থেকে প্রতিদিন যাত্রীবাহী প্রায় ৫০টি ফ্লাইট যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে আসে।

এমিরেটস এয়ারলাইনস জানিয়েছে, নিরাপত্তার জন্য নতুন নীতিমালা তৈরি করতে তারা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে কাজ করেছে। যুক্তরাষ্ট্রের ১২টি শহরে দুবাই থেকে এই এয়ারলাইনসের উড়োজাহাজ ছেড়ে যায়।

টার্কিশ এয়ারলাইনস আশা করছে, যুক্তরাষ্ট্রগামী তাদের ফ্লাইটগুলোর ওপর থেকেও এ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বাইরে থেকে যুক্তরাষ্ট্রে আসা ফ্লাইটগুলোর নিরাপত্তা বৃদ্ধিতে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেওয়ার পর এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে।

এমিরেটসের একজন মুখপাত্র বলেন, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলোতে ইলেকট্রনিকস যন্ত্রপাতি বহনের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার অবিলম্বে কার্যকর করা হয়েছে।

গত রোববার মার্কিন কর্তৃপক্ষ দুবাই থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছেড়ে যাওয়া ইত্তেহাদ এয়ারওয়েজের ফ্লাইট থেকে এ ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়।

এদিকে টার্কিশ এয়ারলাইনস টুইটারে জানিয়েছে, বুধবার (আজ) থেকে যুক্তরাষ্ট্রগামী ফ্লাইটগুলোতে যাত্রীরা সব ধরনের ইলেকট্রনিকস যন্ত্রপাতি বহন করতে পারবে। তুরস্কের গণমাধ্যমের খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কর্মকর্তারা ইস্তাম্বুলে দেশটির প্রধান বিমানবন্দর পরিদর্শন করেছে।

আরও পড়ুন...