এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের প্রতিদ্বন্দ্বী ভবন!
নিউইয়র্কের সবচেয়ে উঁচু ভবন এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের অদূরেই মাথা উঁচু করে দাঁড়াবে আরও একটি আকাশচুম্বী ভবন। ব্যবস্থা পাকা করা হয়েছে। সিটি কাউন্সিল গত বুধবার নতুন ওই ভবন নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। স্থানীয় গণমাধ্যমের খবরে এ কথা বলা হয়েছে।নতুন ওই ভবনটি হবে ৬৭ তলাবিশিষ্ট। উচ্চতার দিক থেকে এটি এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের চেয়ে মাত্র ১১ মিটার কম হবে। ভবনটি নির্মাণ করবে ভরন্যাডো রিয়েলিটি ট্রাস্ট নামের একটি ডেভেলপার কোম্পানি।এম্পায়ার স্টেট বিল্ডিং ও ভরন্যাডো প্রকল্পের এই পাল্লা দেওয়ার ঘটনাকে নিউইয়র্কের আকাশ দখলের লড়াই বলে উল্লেখ করেছে বিভিন্ন গণমাধ্যম। ২০০১ সালে সন্ত্রাসী হামলায় বিশ্ব বাণিজ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার পর থেকে ৪১৬ মিটার উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংই নিউইয়র্কের সবচেয়ে উঁচু ভবন। ১৯৩১ সালে নির্মাণ করা এ ভবনটি এরই মধ্যে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিতি লাভ করেছে। এ ভবনের স্বত্বাধিকারী মালকিন হোল্ডিং জানিয়েছে, অদূরে বহুতল ভবন নির্মাণ শুধু উচ্চতার দিক থেকে হুমকি নয়, এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের খ্যাতিকেও ম্লান করে দেবে এই ভবন। নগর পরিকল্পনা কমিশন গত সপ্তাহে নতুন এই প্রকল্পের অনুমোদন দেয়।নিউইয়র্কের অন্য আকাশচুম্বী ভবনগুলো হলো ব্যাংক অব আমেরিকা, এটি ৪০০ মিটার উঁচু; ক্রিসলার ও নিউইয়র্ক টাইমস ভবন, এ দুটি ভবন ৩৪৯ মিটার উঁচু। টাইমস অব ইন্ডিয়া।